সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা:পশ্চিম মেদিনীপুরের পিংলায় তিলেশ্বরী শিব মন্দির চত্বরে গত কয়েকদিন ধরে চলছে বৈশাখী গাজন উৎসব ও মেলা। এই উপলক্ষে আজ, হাজার হাজার ভক্তের উপস্থিতিতে রেকর্ড ভিড় লক্ষ্য করা গেল মন্দির প্রাঙ্গণে। মনস্কামনা পূরণের উদ্দেশ্যে হাজারও পূণ্যার্থী ভোররাত থেকেই মন্দিরে জল ঢালতে আসেন।
ভক্তদের ভিড় সামলাতে এবং সুষ্ঠুভাবে উৎসব পরিচালনার লক্ষ্যে রাত থেকেই সক্রিয় ছিল পিংলা থানার পুলিশ ও প্রশাসন। পিংলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) চিন্ময় প্রামাণিক, সার্কেল ইন্সপেক্টর (C.I) বিশ্বজিৎ দাস, পিংলা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র বেরা-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ভক্তদের সহায়তায় ও নিরাপত্তা নিশ্চিত করতে পিংলা থানার তরফে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। যানবাহন নিয়ন্ত্রণ, প্রবেশ ও প্রস্থানপথে শৃঙ্খলা বজায় রাখা এবং ভক্তদের প্রাথমিক চিকিৎসার সুবিধাও ছিল মন্দির চত্বরে।
মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রশাসনের এই নিরলস সহযোগিতা ও সঠিক পরিকল্পনার ফলেই এবছরের তিলেশ্বরী গাজনে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়া ভিড়ও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। প্রশাসনের এমন সক্রিয়তা ভক্তদের মন জয় করেছে বলে জানিয়েছেন বহু দর্শনার্থী।
উৎসব চলবে আরও কয়েকদিন। এরমধ্যেই পিংলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি দিনগুলিতেও একইভাবে নিরাপত্তা ও সহায়তা বজায় রাখা হবে।







