সপ্তাহের শুরুতেই চাঞ্চল্যকর ঘটনায় জর্জরিত সোনারপুর। স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সোনারপুর থানা সংলগ্ন মাহিনগরে। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর খুনের পরিকল্পনা করেছিল স্ত্রী। কিন্তু নিজের তৈরি জালেই জড়িয়ে গেলেন স্ত্রী।
এই ঘটনার খবর পেয়ে তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ।
জানা যায়, ক্যানিংয়ের হেরোভাঙা অঞ্চলে বাসিন্দা বাপি গায়েন। আট বছর আগে প্রতিবেশী প্রিয়াঙ্কা গায়েনকে প্রেম করে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পরই পার্কসার্কাসের একটি কারখানায় কাজ পেয়েছিলেন। চাকরির জন্যই ক্যানিং ছেড়ে স্ত্রীকে নিয়ে বাপি চলে এসেছিলেন সোনারপুরে। সেখানেই ভাড়া থাকতে শুরু করেন মাহিনগরে।
সেই ভাড়াবাড়ির পাশের ঘরেই থাকতেন সুপ্রকাশ দাস এবং তার স্ত্রী। প্রিয়াঙ্কার সঙ্গে ক্রমে সম্পর্ক গড়ে উঠেছিল সুপ্রকাশের। সেই সম্পর্কের বিষয় জানতে পেরেছিলেন বাপি, তা নিয়েই চলত অশান্তি।
তার মধ্যেই স্ত্রীকে নিয়ে অন্য জায়গায় চলে যায় সুপ্রকাশ। তবে তাতে প্রেম থামেনি। দুইজনেই মাঝে মাঝে ধানমাঠ অঞ্চলের একটি ভাড়াবাড়িতে একসঙ্গে সময় কাটাতেন। আরসেই খবর পেয়ে ছিলেন বাপি। ফলে আরও ক্ষেপে যান তিনি।
জানা যায়, স্বামীকে খুনের পরিকল্পনা করে প্রিয়াঙ্কা ও সুপ্রকাশ। সেই কথা ফোনে কথা বলার সময় শুনে ফেলেছিলেন বাপি। তারপরেই নিজের জীবন বাঁচাতে এবং প্রতিশোধ নিতে স্ত্রীকে খুন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে প্রিয়াঙ্কা যখন ঘুমাচ্ছিলেন তখনই তাঁকে শ্বাসরোধ করে খুন করেছিলেন বাপি। স্ত্রীকে খুনের পর নিজেই থানায় এসে অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ স্ত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।







