জেলারাজনীতিশিক্ষা

এবার দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে

স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রকাশিত ‘দাগি চাকরিহারা’র তালিকায় উঠে এসেছে তৃণমূল নেতার ছেলের নামও। বারাসাত-১ ব্লক সভাপতি মহম্মদ ইশা হক সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লার নাম রয়েছে তালিকায়। শনিবার প্রকাশিত তালিকায় নাজিবুল্লার নাম রয়েছে ৭৯১ নম্বরে।

তবে অভিযোগ অস্বীকার করে নাজিবুল্লা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। এবিপি আনন্দ-কে দেওয়া সাক্ষাৎকারে নাজিবুল্লা বলেন—
“তৃণমূল, সিপিএম, বিজেপি দেখে চাকরি হয় না। আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। আইনি পথেই লড়াই করব। তালিকার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন রয়েছে। আদালতের পর্যবেক্ষণে যেই প্যানেল বাদ পড়েছিল, সেখানে আমাদের নাম ছিল না। এখনও পর্যন্ত OMR শিট মান্যতা পায়নি। হার্ডডিস্কের অথেন্টিসিটিও সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়নি। তাই আমরা এই তালিকাকে মানছি না, আইনি চ্যালেঞ্জ করব।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, সাত দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। এমনকি তালিকা প্রকাশে কারচুপি হলে তদন্তভার সিবিআইকে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। আদালতের নির্দেশের ২ দিনের মধ্যেই, শনিবার রাত ৮টা নাগাদ, ‘দাগি’ চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।

তবে এই তালিকা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধীদের প্রশ্ন—

আগে কেন এই তালিকা প্রকাশ করেনি SSC?

কেন যোগ্য-অযোগ্য আলাদা করতে এত দেরি করা হল?

প্রকাশিত তালিকায় উঠে এসেছে একাধিক রাজনৈতিক সংযোগ। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের তৃণমূল নেতা অজয় মাজির নাম রয়েছে ৩৯ নম্বরে। ফোনে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য এড়িয়ে যান। আবার ৯১৫ নম্বরে নাম রয়েছে গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা নমিতা আদকের। ঘটনাচক্রে তিনি আরামবাগের তৃণমূল পরিচালিত খানাকুল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নইমুল হকের স্ত্রী। নইমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

একদিকে আদালতের নির্দেশ, অন্যদিকে SSC-এর প্রকাশিত তালিকা—এই দুইয়ের মাঝে অনিশ্চয়তার মুখে পড়েছেন হাজারো চাকরিপ্রার্থী। মূল প্রশ্ন এখনও একই জায়গায় ঘুরপাক খাচ্ছে—
“কারা যোগ্য? আর কারা অযোগ্য?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.