আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা ২৪ দিনের অপেক্ষার পরও বিচার না পেয়ে চরম পদক্ষেপ নিলেন। ‘তারিখ পে তারিখ’ নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁরা লালবাজারে অভিযান চালালেন। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, তাদের সহকর্মীকে খুন ও ধর্ষণের ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে। বিচার ব্যবস্থার জটিলতা তুলে আইনিভাবে এই অপরাধের বিচার থেকে বিরত রাখা হচ্ছে।
লালবাজার অভিযানের আগে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দিলে, জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, এই অন্যায়ের বিচার তাঁরা জীবিত অবস্থায় দেখতে চান। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা ও আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তোলেন।
বিক্ষোভের সময় চিকিৎসকরা শিরদাঁড়ার প্রতীকী ফুল ধরে অবস্থান নেন। দশ মিনিটের মধ্যে ব্যারিকেড খোলার আলটিমেটাম দেন। তাদের দাবি, আইনের নামে দীর্ঘসূত্রিতা এবং প্রমাণ লোপাটের পেছনে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
এই ঘটনায় লালবাজারের সামনে উত্তেজনা তীব্র হয়। প্রতিবাদকারীরা তাদের দাবিতে অটল থাকেন।







