একের পর এক! শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার ‘অপা’, জ্যোতিপ্রিয় মল্লিকের ‘দোতারা’র পর এবার ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’র সন্ধান মিলল। যা অবস্থিত ক্যানিং-এ। যা নিয়ে চর্চা তুঙ্গে!
আরজিকর মেডিকেল কলেজ-হাসপাতালে অ্যাকাডেমিক ফান্ডের আর্থিক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ক্যানিং-এর এই বাংলো বাড়িটি তাঁর নামেই বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের সিবিআই অফিসারদের কাছে দাবি, নারায়ণপুরের এই বাংলোতে সন্দীপ ঘোষ মাঝেমধ্যেই পরিবার নিয়ে আসতেন। বছর দুয়েক আগে তৈরি করেছিলেন। সারাদিন কাটাতেন। তবে, আরজিকরের ঘটনা ঘটার পর থেকে নারায়ণপুরের সংশ্লিষ্ট বাংলোয় আর দেখা যায়নি সন্দীপ ঘোষকে।
বিশেষভাবে উল্লেখ্য, সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয়, ভেন্ডার নির্ধারণের ক্ষেত্রে স্বজনপোষণ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ ছাড়াও বায়োমেডিকেল ওয়েস্ট বেনিয়মে বিক্রি করে দেওয়া-সহ একাধিক অভিযোগ প্রকাশ্যে আনেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। উক্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত চালায় সিবিআই। তদন্তে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষ-সহ বেশ কয়েকজনকে।







