মঙ্গল, বুধ – তারপর বৃহস্পতিবার। এদিন জুনিয়র ডাক্তারদের ফের আলোচনায় ডাকল নবান্ন। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। চিঠিতে সর্বোচ্চ ১৫ জন প্রতিনিধিকে বিকেল ৫টার মধ্যে নবান্নে আসতে বলা হয়েছে।
আন্দোলনকারীদের দাবি ছিল, সরকারি হাসপাতালের ৩০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন বৈঠকে, পুরো মিটিং লাইভ স্ট্রিমিং করতে হবে, পাঁচ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে, উপস্থিত থাকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সেই শর্তগুলো দেওয়ার পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে সাফ জানান, শর্ত রেখে খোলা মনে আলোচনা সম্ভব নয়। তার অর্থ যে, শর্ত যে মানা হচ্ছে না, তা স্পষ্টতই জানিয়ে দিয়েছিল নবান্ন।
আজ ফের আন্দোলনকারীদের চিঠি দেন মুখ্যসচিব মনোজ পন্থ। চিঠিতে বলা হয়, ১৫ জন প্রতিনিধিই উপস্থিত থাকতে পারবেন বৈঠকে। লাইভ স্ট্রিমিং-এর অনুমতিও দিচ্ছে না নবান্ন। তবে স্বচ্ছতা বজায় রাখতে সম্পূর্ণ আলোচনার ভিডিয়ো রেকর্ড করা যাবে বলে উল্লেখ করেছেন মুখ্যসচিব।







