লক্ষীর ভান্ডারের উপভোক্তা তালিকায় ১২ জন পুরুষের নাম। শুধু তাই নয়, রয়েছে ১ জন বিজেপি নেতার নাম। অন্যরা এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের ময়না গ্রাম পঞ্চায়েতের দক্ষিন হরকুলি গ্রামের ঘটনা।
সুযোগ পেলেই বিজেপি নেতারা লক্ষীর ভান্ডার নিয়ে কটাক্ষ করে। অথচ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপির ১২ জন পুরুষ কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মমাফিক ঢুকছে লক্ষীর ভান্ডারের টাকা। নেপথ্যে বিজেপি নেতার ছেলের কেরামতি।
প্রশাসন সুত্রে জানা যায়, ময়না গ্রাম পঞ্চায়েতের দক্ষিন হরকুলি গ্রামের বাসিন্দা তথা বিজেপির বুথ সভাপতি অশোক দাসের ছেলে শ্রীকান্ত দাস একটি সংস্থার অধীনে আধার ও ভোটার কার্ড়ের কাজ করত। ওই সংস্থা বিভিন্ন জেলায় সরকারী বরাত পাওয়া কাজে পাঠাত তাকে। হুগলী জেলায় তাকে কাজে পাঠালে খানাকুল ২ নং ব্লকের লগ ইন আইডি ব্যবহার করে এই জালিয়াতি করেছে বলে স্বীকার করেছে অভিযুক্ত।
জানা যায়, হুগলীর খানাকুল ২ ব্লকের দুয়ারে সরকার শিবিরে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদনকারীর নাম ও নথির সাথে ময়নার কয়েকজন বাসিন্দার অ্যাকাউন্ট নাম্বার জুড়ে দেয়। নাম ঠিকানা খানাকুলের হলেও ময়নার বাসিন্দারা বাড়ীতে বসে টাকা পেত।
বিজেপি নেতা অশোক দাসের ছেলে শ্রীকান্ত দাসকে এ নিয়ে তলব করে ময়না থানার বিডিও। প্রায় ৩ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। অভিযুক্ত বলে আমি ভূলবশঃত এটা করেছি, আর কখনো করবো না বলে বিডিওকে জানিয়েছি। স্থানীয় ময়না পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বাদল আদক বলেন, এটা গর্হিত অপরাধ। অশোকবাবু আমাদের দলের বুথ সভাপতি, তার ছেলে এমন করবে ভাবাই যাচ্ছে না। যদিও স্থানীয় তৃনমূল নেতারা বলেন, জেনে শুনে লক্ষীর ভান্ডারের মতো প্রকল্পকে ছোটো করতে এটা বিজেপির পরিকল্পিত চক্রান্ত।







