খেলাধুলা

ফের মুম্বইয়ের অধিনায়ক রোহিত? হার্দিকের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে জল্পনা

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক তিনি। তাঁর নেতৃত্বেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু গত কয়েক মরসুমে রোহিত শর্মাকে আর আগের ভূমিকায় দেখা যাচ্ছে না। গত মরসুমেও মূলত ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলেছিলেন তিনি। এই পরিস্থিতিতেই ফের জোরালো হচ্ছে জল্পনা—মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে কি আবারও প্রত্যাবর্তন ঘটতে চলেছে রোহিতের? সূত্রের খবর, এমন সম্ভাবনা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে মুম্বই টিম ম্যানেজমেন্ট।

রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল খেতাব জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তারপর দীর্ঘ ছয় বছর কেটে গেলেও আর ট্রফি ঘরে তুলতে পারেনি আম্বানিদের দল। ২০২৪ সালে রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। যদিও সেই মরসুমে মুম্বইয়ের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পয়েন্ট টেবিলের একেবারে শেষ স্থানে থেকে অভিযান শেষ করতে হয়েছিল তাদের। ২০২৫ সালে প্লে-অফে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত ট্রফি জেতা হয়নি।

রোহিতের পর মুম্বইয়ের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার নামও আলোচনায় এসেছিল। তবে সাম্প্রতিক জল্পনা বলছে, অভিজ্ঞ রোহিতের উপরই ফের আস্থা রাখতে পারে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।

অন্যদিকে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। জল্পনা রয়েছে, তিনি ফের দলবদল করতে পারেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে আসছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের নাম। হার্দিককে ঘিরে মুম্বই ও রাজস্থানের মধ্যে ট্রেডের আলোচনা হয়েছিল বলেও খবর। তবে বেশ কিছু শর্তের কারণে সেই প্রক্রিয়া আপাতত আটকে রয়েছে বলে জানা যাচ্ছে।

এর পাশাপাশি আলোচনায় রয়েছে যশস্বী জয়সোয়ালের নামও। ২০২৭ সালে রোহিতের বয়স ৪০ হবে। ফলে ভবিষ্যতের কথা মাথায় রেখে যশস্বীকে দলে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারে মুম্বই—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই মুহূর্তে গোটা বিষয়টিই জল্পনার পর্যায়ে রয়েছে।

রোহিতের বয়স বাড়াও মুম্বইয়ের জন্য অন্যতম চিন্তার কারণ। খুব সম্ভবত ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে তাঁকে আর দেখা নাও যেতে পারে। যদিও ২০২৮ সালের আইপিএলে রোহিত খেলবেন কি না, তা নিয়েও এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তাই যদি তিনি ফের মুম্বইয়ের অধিনায়ক হন, তাহলে একইসঙ্গে তাঁর পরবর্তী উত্তরসূরিও তৈরি করে রাখতে হবে ফ্র্যাঞ্চাইজিকে।

ভবিষ্যৎ নেতৃত্বের কথা মাথায় রেখে তিলক ভার্মা কিংবা সূর্যকুমার যাদবের উপরও ভরসা রাখতে পারে মুম্বই। তবে আপাতত যদি রোহিত শর্মাই ফের অধিনায়কত্বের দায়িত্ব পান, তাহলে পাঁচবারের চ্যাম্পিয়ন দলের সমর্থকরা তাঁর নেতৃত্বে ষষ্ঠ আইপিএল ট্রফির স্বপ্ন দেখতেই পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.