খেলাধুলা ডেস্ক: ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল মহারাজা যাদবিন্দর সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বৃহস্পতিবার সন্ধ্যায় মুল্লানপুরের এই নতুন স্টেডিয়ামে পঞ্জাবের দুই ক্রিকেট তারকা যুবরাজ সিং এবং হরমনপ্রীত কৌরকে বিশেষ সম্মান জানানো হলো। তাদের ক্রীড়াজীবনের স্বীকৃতি হিসেবে স্টেডিয়ামের দুটি স্ট্যান্ডের নামকরণ করা হলো এই দুই তারকার নামে।
নতুন তৈরি এই স্টেডিয়ামে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আনুষ্ঠানিকভাবে স্ট্যান্ড দুটির উদ্বোধন করেন। পঞ্জাবের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার যুবরাজ সিং, ২০১১ সালের বিশ্বকাপ জয়ে যিনি ‘টুর্নামেন্টের সেরা খেলোয়াড়’ হয়েছিলেন—তিনি তার নিজের রাজ্যে এই সম্মান পেলেন। অন্যদিকে, গত মাসে ভারতকে মহিলাদের একদিনের বিশ্বকাপের খেতাব জেতানো অধিনায়ক হরমনপ্রীত কৌরও ঘরের মাঠে এই স্বীকৃতিতে আপ্লুত।
এই অনুষ্ঠানে হরমনপ্রীতের সঙ্গে তার বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য—হার্লিন দেওল এবং আমনজোত কৌর—যোগ দেন। বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসও সেখানে উপস্থিত ছিলেন। এই সম্মান জানানোর পাশাপাশি, পঞ্জাব সরকার হরমনপ্রীত, হার্লিন এবং আমনজোতকে প্রত্যেকের হাতে ১১ লক্ষ টাকা করে পুরস্কার তুলে দেয়। এছাড়াও, মহিলা বিশ্বকাপজয়ী দলের ফিল্ডিং কোচ মুনিশ বালিকে ৫ লক্ষ টাকা দিয়ে সম্মানিত করা হয়।







