মধ্যরাতে সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। তেলঙ্গানার একটি সরকারি হাসপাতালের সদ্যোজাত শিশুদের বিশেষ পরিচর্যা কেন্দ্র (SNCU)-তে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশুর। ঘটনার সময় ওই বিভাগে মোট ৩০ জন শিশু ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দ্রুততার সঙ্গে ২৮ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ SNCU থেকে ধোঁয়া বের হতে দেখেন হাসপাতালের কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে শিশুবিভাগ এবং সংলগ্ন কয়েকটি এলাকা ধোঁয়ায় ভরে যায়।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত বিদ্যুৎচালিত চিকিৎসা সরঞ্জামগুলির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। হাসপাতালের নার্স ও কর্মীরা শিশুদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজে হাত লাগান। এই তৎপরতার মধ্যেই দুই শিশুর মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন ছিল প্রিম্যাচিওর শিশু।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় দমকল। প্রাথমিকভাবে এসির শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের অগ্নিনিরাপত্তা এবং অন্য কোনও গাফিলতি ছিল কি না।
ঘটনার পর হাসপাতালে পৌঁছন জেলাশাসক রাজর্ষি শাহ এবং পুলিশ সুপার অখিল মহাজন। পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি তাঁরা উদ্ধারকাজ ও শিশুদের চিকিৎসার বিষয়েও খোঁজ নেন। জেলাশাসক জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।
দুই শিশুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। বাকি শিশুদের চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বৈদ্যুতিক নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগেও দেশের বিভিন্ন হাসপাতালে শিশু বিভাগে আগুন লাগার ঘটনা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে তেলঙ্গানার এই ঘটনার পর হাসপাতালগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের জোরালো আলোচনা শুরু হয়েছে।







