ল্যাকমি ফ্যাশনে অংশ নিয়েছেন বিখ্যাত ডিজাইনার রোহিত বল। এদিন তাঁর কায়ানাত থিমের পোশাকে শো-স্টপার হয়ে ধরা দেন অনন্যা পান্ডে। তাঁকে পাশে নিয়ে নাচতে দেখা যায় ডিজাইনারকে। প্রসঙ্গত তিনি একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি কেবল একজন ডিজাইনার নন,তিনি একজন শিল্পী।
ল্যাকমি ফ্যাশন উইকের মঞ্চে রোহিত বল তাঁর বহু প্রতীক্ষিত ‘এ ব্লুম ইন দ্য ইউনিভার্সের’ প্রদর্শন করেন। ফুলের সৌন্দর্য এবং প্রকৃতির কথা উঠে এসেছে তাতে। অনন্যা পান্ডে সেদিনের শোয়ের শো-স্টপার ছিলেন। তাঁর পোশাকে ছিল নিপুণ কাজ এবং নৈসর্গিক সৌন্দর্যের ছোঁয়া। গোটা পোশাকেই ছিল ফুলের এমব্রয়ডারি। কালোর উপর লাল ফুল এবং সবুজ পাতা আলাদা ভাবে নজর কেড়েছে।এদিনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ডিজাইনার রোহিত বল অনন্যা পান্ডে এবং অন্যান্য মডেলদের সঙ্গে মঞ্চে উপস্থিত।শুধু তাই নয়, তিনি তাঁদের সঙ্গে দাঁড়িয়ে রীতিমত নাচ করেন, হাঁটেন কয়েক পা। কিন্তু তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি বেজায় অসুস্থ। হাঁটতে পারছেন না ঠিক করে। অনন্যা বারবার আগলে রাখছিলেন তাঁকে। প্রসঙ্গত হার্টের অসুখে ভুগছেন রোহিত বল।







