শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ পাঁচ দফা দাবিতে টানা ২০ দিন ধরে দিল্লির যন্তর-মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থা এতটাই দুর্বল যে, স্বাভাবিকভাবে কথা বলাও তাঁর পক্ষে কঠিন হয়ে উঠেছে। তবে এই পরিস্থিতির মধ্যেই তিনি জানিয়েছেন, ২০ জুলাইয়ের সংসদ অভিযান সফল হলে অনশন প্রত্যাহারের বিষয়ে ভাবতে পারেন। সেই সঙ্গে দেশবাসীর কাছে কর্মসূচিকে সফল করার আবেদনও জানিয়েছেন।
দীর্ঘ অনশনের জেরে ইতিমধ্যেই প্রায় ৯ কেজি ওজন কমেছে ওয়াংচুকের। শরীরের চর্বির পাশাপাশি পেশিরও ক্ষয় হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার সকালে সরকারি মেডিক্যাল টিম তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে সতর্ক করে দিয়েছে, যে কোনও সময় এক বা একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর শারীরিক অবনতি নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়লেও ভিডিও বার্তায় সোনম বলেন, “আমার শরীর দুর্বল হলেও আগামী তিন-চার দিনের মধ্যে মৃত্যুর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।”
ভিডিও বার্তায় তিনি বলেন, “২০ জুলাইয়ের সংসদ অভিযানকে সফল করুন। যদি দেশবাসী বিপুল সংখ্যায় এই কর্মসূচিতে অংশ নেন, তবেই আমি অনশন ভাঙতে পারব।” তিনি আরও জানান, অনেকেই তাঁকে অনশন প্রত্যাহারের অনুরোধ করছেন। তবে তাঁর আবেদন, বেশি বেশি মানুষ যেন এই আন্দোলনের পাশে দাঁড়ান এবং কর্মসূচিতে যোগ দেন।
এই আন্দোলনে অংশগ্রহণের জন্য একটি ফোন নম্বরও শেয়ার করেছেন সোনম ওয়াংচুক। তিনি জানিয়েছেন, যারা সংসদ অভিযানে যোগ দিতে চান, তারা 7011670115 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। পাশাপাশি নির্দিষ্ট ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করারও আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মায়েদের উদ্দেশে তাঁর আবেদন, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তাঁরা যেন এই মিছিলে নেতৃত্ব দেন এবং সংসদ পর্যন্ত আন্দোলনকে পৌঁছে দেন।
সোনম আরও বলেন, চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী তাঁর শরীর দুর্বল হলেও এখনই মৃত্যুর আশঙ্কা নেই। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “আমি যদি এখন অনশন ভেঙে দিই, তাহলে কী পরিবর্তন হবে? সরকারের কাছে কী বার্তা যাবে—জবাবদিহিতার কোনও প্রয়োজন নেই?” তিনি আরও বলেন, “আপনারা আমার জীবন নিয়ে উদ্বিগ্ন, কিন্তু যেসব ২০ জন পড়ুয়া আত্মহত্যা করেছে, তাদের কথা কি আমরা ভুলে যাব? আমার ব্যক্তিগত জীবন বা স্বাস্থ্য এতটা গুরুত্বপূর্ণ নয়। তবে সবার উদ্বেগকে সম্মান জানিয়ে ২০ জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে আমি একটি মধ্যপন্থা বেছে নিয়েছি।”







