বিদেশ

বন্ডি বিচে রক্তের হোলি! ইহুদি উৎসবে বর্বর হামলায় নিহত ১২, শোকস্তব্ধ অস্ট্রেলিয়া

যে বন্ডি বিচ ছিল প্রতিদিনের আনন্দের ঠিকানা, রবিবার সন্ধ্যায় সেই বিখ্যাত পর্যটন কেন্দ্রটি পরিণত হলো বিভীষিকাময় এক হত্যাযজ্ঞের ময়দানে। ইহুদিদের উৎসব হানুক্কাহ পালনের জমায়েতকে লক্ষ্য করে চালানো এই সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন (একজন হামলাকারী সহ), এবং ২৯ জনেরও বেশি মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এটিকে একটি ‘সুপরিকল্পিত এবং টার্গেটেড সন্ত্রাসী হামলা’ বলে ঘোষণা করেছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ কমিশনার জানিয়েছেন, বন্ডি বিচ পার্কে একটি শিশুদের খেলার জায়গার কাছে ‘Chanukah by the Sea’ অনুষ্ঠানে এই হামলা চালানো হয়। হামলার নিশানা যে সিডনির ইহুদি সম্প্রদায় ছিল, তা একপ্রকার নিশ্চিত। হামলার পরপরই ঘটনাস্থলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। দুই হামলাকারীর মধ্যে একজন পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যায়, এবং অপরজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। জানা গেছে, হামলাকারীদের একজন হলেন ২৪ বছর বয়সী নাভিদ আক্রম। পরে জানা যায়, হামলাকারী নাভিদ আক্রম এবং তার বাবা সাজিদ আক্রম (৫০), যারা পাকিস্তানি বংশোদ্ভূত। সাজিদের কাছে বৈধভাবে ছয়টি আগ্নেয়াস্ত্র ছিল।

হামলার ভয়াবহতার মধ্যেও সাধারণ মানুষের সাহস ও উপস্থিত বুদ্ধি ছিল চোখে পড়ার মতো। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি নাটকীয় ভিডিওতে দেখা যায়, একজন নিরস্ত্র সাধারণ মানুষ (যাকে পরে আহমেদ আল আহমেদ বলে চিহ্নিত করা হয়েছে) দ্রুততার সঙ্গে একজন বন্দুকধারীকে জাপটে ধরে তার হাত থেকে শটগান ছিনিয়ে নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, তাঁর এই দুঃসাহসিক কাজ বহু মানুষের জীবন বাঁচিয়েছে। গুরুতর আহত হলেও, এই ফল বিক্রেতাকে ‘হিরো’ আখ্যা দিচ্ছেন অস্ট্রেলীয়রা। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে হামলাকারীর গাড়ি থেকে ঘরে তৈরি বিস্ফোরক ডিভাইস (IED) উদ্ধার হয়েছে, যা প্রমাণ করে হামলাটি ছিল সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে একে “বিদ্বেষ, সহিংসতা এবং সন্ত্রাসবাদের জঘন্যতম কাজ” বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ইহুদি অস্ট্রেলীয়দের ওপর এই হামলা আসলে পুরো অস্ট্রেলিয়ার ওপরই হামলা। ভারত, আমেরিকা ও ইরানের মতো দেশগুলোও এই হামলার নিন্দা জানিয়েছে। এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অস্ট্রেলীয় সরকারের বিরুদ্ধে ইসরায়েল-বিরোধী নীতি গ্রহণ করে সেদেশে বিদ্বেষকে উসকে দেওয়ার অভিযোগ করেছেন। এই ভয়াবহ হামলায় নিহতদের মধ্যে হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া একজন বয়স্ক ব্যক্তি এবং স্থানীয় একজন শ্রদ্ধেয় রাব্বি এলি শ্ল্যাঙ্গারও রয়েছেন। ১৯৯৬ সালের পোর্ট আর্থার হত্যাকাণ্ডের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটাই সবচেয়ে মারাত্মক গণ-হামলার ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.