কলকাতা

কালীপুজোর রাতেও শব্দাসুরের দাপট! শব্দবাজির তাণ্ডবে অতিষ্ঠ রূপা গঙ্গোপাধ্যায়, কলকাতা পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক

কালীপুজোর রাতেও শব্দদূষণের হাত থেকে রেহাই মিলল না কলকাতাবাসীর। শব্দবাজির দাপটে অতিষ্ঠ হয়ে এবার কলকাতা পুলিশের কাছে সাহায্য চাইলেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “কখন এই আওয়াজ বন্ধ হবে? ঘুমোতে পারছি না।” পাশাপাশি কলকাতা পুলিশকে ট্যাগ করে তাঁর আবেদন, ‘প্লিজ হেল্প’।
প্রসঙ্গত, কালীপুজো উপলক্ষে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার বিশেষ তৎপর পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (WBPCB)। কলকাতা শহরে অভিযোগ গ্রহণের জন্য চালু করা হয়েছে ১০টি পৃথক কন্ট্রোল রুম নম্বর। পাশাপাশি বিকেল ৫টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত নজরদারিতে নামানো হয়েছে ছ’টি বিশেষ মোবাইল মনিটরিং টিম। রাজ্যের অন্যান্য জেলাতেও কাজ করছে সাতটি আঞ্চলিক মোবাইল টিম।
পর্ষদের দাবি, সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পাঁচটি এলাকা থেকে দূষণ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। অভিযোগ পাওয়ার পরই স্থানীয় পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কিন্তু নজরদারি সত্ত্বেও মধ্যরাত পর্যন্ত বিভিন্ন এলাকায় শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী, সল্টলেকে PM 2.5-এর মাত্রা ৪৪৪, বালিগঞ্জে ৪০৯ এবং যাদবপুরে ৩৭৯। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, প্রশাসনের কড়া নজরদারির পরেও কেন নিয়ন্ত্রণে আনা গেল না শব্দ ও বায়ুদূষণ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.