থানার সামনেই নিজের স্ত্রীর গলায় খুর চালিয়ে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে বুধবার নৈহাটি থানা এলাকায়। থানার সামনে এমন ঘটনা দেখে হতবাক পুলিশও। তারপর ঘটনাস্থলেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য দাম্পত্য কোলাহল, যার জেরেই এই খুন। অভিযুক্ত নৈহাটির ৬ নম্বর ওয়ার্ডের বৈষ্ণবপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে, নিহতের নাম সুপ্রিয়া প্রসাদ, বয়স ৩৫। অভিযুক্ত স্বামী সুনীল প্রসাদের সাথে প্রায় ২০ বছরের বৈবাহিক সম্পর্ক। স্থানীয় এক কারখানায় কর্মরত সুনীল। তাদের তিন সন্তানও রয়েছে। তবে হঠাৎই স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে চলে আসে পঙ্কজ নামে তৃতীয় এক ব্যক্তি। নিহত মহিলার পাড়ায় আড্ডা দিতে আসতো পঙ্কজ আর সেখানেই তাদের দেখা এবং পরবর্তীতে তা প্রেমে পরিণত হয়। স্থানীয় সূত্রে খবর, স্বামী সুনীলের অবর্তমানে বাড়িতে হাজির হত পঙ্কজ। ঘটনা সুনীলের কান পর্যন্ত পৌঁছানোর পর স্ত্রীকে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার কথা বলেন, কিন্তু সুপ্রিয়া সম্পর্ক ছেড়ে বেরোতে নারাজ। ফলেই অশান্তির সূত্রপাত হয়।
সুনীলের পরিবার সূত্রে জানা যায়, সুনীল যথেষ্ট ভালবাসতো সুপ্রিয়াকে। সম্পর্কের কথা জানতে পেরে তাকে অনেকবার বারণ করে এবং নিজেও আত্মহত্যার চেষ্টা করে সুনীল। তারপরেও সুপ্রিয়া সম্পর্ক ছেড়ে বেরোতে রাজি হননি। বরং প্রেমিকের হাত ধরে ঘর ছাড়েন সুপ্রিয়া, নিজের সন্তানদের ছাড়াই। যেটা মেনে নিতে পারেননি সুনীল। সুপ্রিয়া ও পঙ্কজের সাথে গিয়ে কথা বলেন সুনীল এবং থানায় গিয়ে সব মিটিয়ে নেবার কথাও বলেন। তিনি সুপ্রিয়াকে ডিভোর্স দিতেও রাজি হন। যার জন্য গত বুধবার দুপুরে তিনজন উপস্থিত হয় থানায়। সেখানে ফের স্ত্রীকে ঘরে ফিরে যাবার জন্য বলেন সুনীল কিন্তু তাতেও রাজি হয়নি স্ত্রী। তারপর হঠাৎই পকেট থেকে খুর বার করে গলায় চালিয়ে দেন সুপ্রিয়ার। ঘটনাস্থলেই পুলিশ গ্রেফতার করে সুনীলকে এবং সুপ্রিয়াকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।







