চলতি বছরের ৯ আগস্ট আর জি করে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয় আর জি করের পড়ুয়া মহিলা চিকিৎসককে। ঘটনার প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও , এখনো বিচার পাননি নির্যাতিতা। এই কান্ডে মূল অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়েছে মাত্র একজনকেই। পাশাপাশি তথ্য প্রমান লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার তৎকালীন ওসি।
আর জি করের ঘটনাকে কেন্দ্র করে জারি রয়েছে আন্দোলন। এবার এই আন্দোলনকে নতুন মাত্রা দিতে শনিবার গণকনভেনশন এবং সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। সেই আবহে পাল্টা সংগঠন গঠন করে ফেলল জুনিয়র ডাক্তারদের অন্য একটি অংশ। শুক্রবার অনেক রাতে ওই নতুন সংগঠন গঠন করা হয়েছে। নাম ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন’।
শনিবার বিকালে সাংবাদিক সম্মেলন করে নতুন সংগঠনের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। পক্ষান্তরে, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বক্তব্য, ‘‘এ বার মানুষের বেছে নিতে সুবিধা হবে যে, তাঁরা যে চিকিৎসকেরা থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন করছেন, তাঁদের পাশে থাকবেন? নাকি যাঁরা থ্রেট কালচারে অভিযুক্ত, তাঁদের সঙ্গে থাকবেন।’’







