শনিবার ভোরে বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকান ও গুদামে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনল দমকল। মোট ২৪টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে মাঠে নামে। দোকানে দাহ্য বৈদ্যুতিক সামগ্রী মজুত থাকায় আগুন মুহূর্তে ভয়াবহ রূপ নেয় এবং আশপাশের একাধিক দোকান ও এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে।
দমকল সূত্রে জানা গেছে, পুরোনো এলাকার সংকীর্ণ রাস্তা, উপর দিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তার এবং সীমিত প্রবেশপথের কারণে ল্যাডার ব্যবহার করা সম্ভব হয়নি, ফলে আগুন নেভানোর কাজে প্রবল অসুবিধায় পড়তে হয় কর্মীদের। তা সত্ত্বেও টানা চার ঘণ্টার লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুন শুরু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে দমকল কর্তাদের দাবি, ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত আগুনের উৎস নিশ্চিতভাবে বলা যাবে না।
অগ্নিনির্বাপণ দফতরের শীর্ষ কর্তারা জানিয়েছেন, বড়বাজারের মতো পুরোনো বাজার এলাকায় নিরাপত্তাজনিত ঝুঁকি বরাবরই বেশি থাকে। নিয়মিত ফায়ার অডিট ও চেকিং করা হলেও ব্যবসায়ীদের অসচেতনতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। আগুন যাতে ভিতরে ভিতরে কোথাও জ্বলতে না থাকে, সেই কারণে পকেট ফায়ার খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় একাংশের দাবি, এই আগুনের পিছনে চক্রান্ত থাকতে পারে। পাশের দোকানের কর্মী মহম্মদ ইফতেকার অভিযোগ করেন, এলাকার এক দোকান মালিক সুরেশ কুমার ডাগা তাঁদের দোকান ছেড়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিতেন। ইফতেকারের অভিযোগ,
“দোকান না ছাড়লে আগুন লাগিয়ে দেবে—এমন হুমকি বারবার দিয়েছে। আমরা এফআইআর করব।”
দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেবও করা হচ্ছে।







