কলকাতা

বেহালা কলেজে সরস্বতী পুজো ঘিরে সংঘর্ষ, মধ্যরাতে থানায় ছুটলেন বিধায়ক, গুরুতর জখম ২

সরস্বতী পুজোকে কেন্দ্র করে বেহালা কলেজে উত্তেজনা চরমে উঠল। প্রথমে বচসা, তারপর হাতাহাতি—শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল ছাত্রদের বিবাদ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত দু’জন পড়ুয়া। পরিস্থিতি সামাল দিতে মধ্যরাত পর্যন্ত সক্রিয় থাকতে হল পুলিশ ও স্থানীয় বিধায়ককে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর আয়োজন ও দায়িত্ব বণ্টন নিয়ে সন্ধ্যা থেকেই কলেজ চত্বরে দু’পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। ধীরে ধীরে তা বচসা থেকে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত দু’টি গোষ্ঠী। খবর পেয়ে সন্ধ্যাতেই বেহালা কলেজে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দু’পক্ষের ছাত্রদের থানায় নিয়ে যাওয়া হয়, যাতে নতুন করে অশান্তি না ছড়ায়।

ঘটনার কথা জানতে পেরে সন্ধ্যাতেই থানায় পৌঁছন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। তিনি দু’পক্ষের বক্তব্য শোনেন এবং বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। বিধায়কের দাবি, প্রাথমিকভাবে সন্ধ্যাতেই বিবাদ মিটে গিয়েছিল এবং রাত সাড়ে ৯টা নাগাদ তিনি বাড়ি ফিরে যান।

কিন্তু রাত গড়াতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। বিধায়কের অভিযোগ, তিনি চলে যাওয়ার পর থানা থেকে বেরোনোর সময় কয়েক জন ছাত্রের উপর হামলা চালানো হয়। হামলার অভিযোগ উঠেছে বিক্রম বন্দ্যোপাধ্যায় ওরফে ‘টট্টো’ এবং তার অনুগামীদের বিরুদ্ধে। রত্না চট্টোপাধ্যায়ের দাবি, পুলিশের সামনেই এই হামলা হয়। তাঁর বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নয়, বরং বিজেপি-ঘনিষ্ঠ নেতা। তিনি এক সময় শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থীও ছিলেন বলে দাবি বিধায়কের।

এই হামলায় দু’জন ছাত্র গুরুতর জখম হন। তাঁদের এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের একজনের মাথা ফেটে যাওয়ার অভিযোগ রয়েছে। বিধায়কের অভিযোগ, ছাত্রদের ‘পিটিয়ে আধমরা’ করা হয়েছে।

ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। তিনি জানান, বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি, এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা পিকলুর বিরুদ্ধেও একাংশের তরফে অভিযোগ উঠলেও, তা কার্যত খারিজ করে দিয়েছেন বিধায়ক।

সরস্বতী পুজোর মতো সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে কলেজ চত্বরে এমন হিংসাত্মক ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা ও ছাত্র রাজনীতির ভূমিকা নিয়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.