খেলাধুলা

মেসির বাঁ পায়ের ম্যাজিকে ইতিহাস, পোর্তোকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে প্রথম জয় মায়ামির

বিশ্ব ফুটবলে মেসি মানেই রোমাঞ্চ, আর তাঁর বাঁ পায়ের একটানে পালটে গেল ক্লাব বিশ্বকাপের সমীকরণ। ইউরোপিয়ান শক্তি পোর্তোর বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে এনে ইতিহাস গড়ল ইন্টার মায়ামি। কনকাকাফ অঞ্চলের কোনও ক্লাব হিসেবে ইউরোপিয়ান দলের বিরুদ্ধে এই প্রথম জয়—যার নায়ক স্বয়ং লিওনেল মেসি।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল পোর্তোর দখলে। ৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় পর্তুগিজ ক্লাবটি। প্রথমার্ধে সেভাবে খেলায় ফিরতে পারেনি মায়ামি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘটে নাটকীয় মোড়। ৪৭ মিনিটে তেলেস্কো সেভিয়ার গোলে সমতা ফেরায় মায়ামি। তার কিছুক্ষণ পর, ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ ফ্রিকিক গোল করে দলকে এগিয়ে দেন মেসি।

এই গোলের মাধ্যমে মায়ামির জার্সিতে ৫০তম গোল করে ফেললেন তিনি। পেশাদার কেরিয়ারে এটি তাঁর ৬৮তম সরাসরি ফ্রিকিক গোল, যা তাঁকে এনে দিল ইতিহাসের সেরা ফ্রিকিক গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থান।

এই জয়ে ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘এ’তে ফের জোরালো হয়ে উঠল মায়ামির প্রিকোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪, সমান পয়েন্ট পালমেরাসেরও, যদিও গোল পার্থক্যে তারা শীর্ষে। অন্যদিকে, পিএসজি হেরেছে বোটাফোগোর কাছে, ফুটবলবিশ্বে নতুন চমক নিয়ে আসছে ক্লাব বিশ্বকাপ। মেসির পা এখনো বলে দিচ্ছে, লড়াইটা শেষ হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.