বলিউডের বর্তমান প্রজন্মের উচ্চ তালিকার অভিনেতাদের মধ্যে একজন হলেন মহিলাদের ক্রাশ‘রুহ বাবা’খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ান। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। সূত্রের খবর এই বছর থেকে ২০২৭ সাল পর্যন্ত দম ফেলার সময় নেই কার্তিক আরিয়ানের। একের পর এক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু শত ব্যস্ততার মধ্যে মুম্বইয়ের বাড়িতে এক নতুন ও আবেগপ্রবণ অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ পেলেন কার্তিক।
বারাণসী থেকে এক বিশেষ ক্ষমতাসম্পন্ন অনুরাগী মুম্বাই ছুটে এলেন শুধুমাত্র কার্তিকের ঝলক পেতে। মূক-বধির হয়েও কোনও প্রতিকূলতাই তাঁকে আটকাতে পারেনি। এমনকী তিনি কার্তিকের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন। খবর পেয়ে কার্তিক খুব উৎসাহিত হয়ে সেই অনুরাগীকে বুকে টেনে নিয়ে তাঁর সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন। আর এই বিশেষ মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় পোষ্টও করেন।
নিজের সোশ্যাল মিডিয়াতে অভিনেতা লিখেছেন,“তুমি কথা না বলতে পারলেও আমি তোমার অমূল্য অভিব্যক্তিতে তোমার মনের সব অনুভূতি শুনতে পাই। আমি জানি, তুমি শুনতে না পেলেও তোমার প্রতি আমার ভালোবাসা তুমি বুঝতে পারো। হয়তো পূর্বজন্মে কোনও পূণ্য করেছিলাম, যার জন্যে এখন ভালো কর্মফল পাচ্ছি। তোমাদের স্নেহ-ভালোবাসায় ধন্য আমি। বারাণসী থেকে এতদূর আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার দিনটাই ভালো করে দিলে। আমাকে যেভাবে‘স্পেশাল’মনে করালে, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।”







