এক বছর আগেও তাঁকে আর কেউ ভাবেননি ভারতের এক দিনের দলে। অথচ ভাগ্যের পরিহাসে বিশ্বকাপ সেমিফাইনালের আগেই ফের আলোচনার কেন্দ্রে ২১ বছরের শেফালি বর্মা। প্রতিকা রাওয়ালের চোটে হঠাৎই সুযোগ মিলেছে তাঁকে, আর সেই সুযোগকে নিজের দক্ষতার প্রমাণে রূপান্তরিত করতে চান ভারতের তরুণ ওপেনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগে তাঁর কণ্ঠে আত্মবিশ্বাস—“হয়তো ঈশ্বরই আমাকে এই মঞ্চে ফিরিয়ে এনেছেন।”
২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ দেখা গিয়েছিল শেফালিকে। ধারাবাহিকতার অভাব ও ভুল শট বাছাই তাঁকে দল থেকে ছিটকে দিয়েছিল। প্রতিকার ধারাবাহিক পারফরম্যান্সে তাঁর জায়গা নিয়ে নিয়েছিলেন। কিন্তু ক্রিকেটে যেমন অঘটন, তেমনই সুযোগও মুহূর্তেই আসে—আর সেই ভাগ্যের দরজাই খুলেছে এবার শেফালির সামনে। ভারতীয় বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বকাপ সেমিফাইনাল মানে শুধু ম্যাচ নয়, এক স্বপ্নের বাস্তবায়ন। প্রচুর দর্শকের সামনে খেলতে নামা নিজেই এক অনুপ্রেরণা।”
ভারতীয় শিবিরে যোগ দিয়েই পূর্ণ উদ্যমে অনুশীলনে নেমেছেন শেফালি। জানিয়েছেন, ব্যাট হাতে তাল মিলিয়ে এগোচ্ছেন আগের ছন্দে। “নিজেকে ঠান্ডা রাখতে চাই। অতিরিক্ত কিছু না করে স্বাভাবিক ব্যাটিংই করব,” বলেন তিনি। তাঁর কথায়, আত্মবিশ্বাসই সবচেয়ে বড় অস্ত্র।
ভারতের দলে ওপেনার হিসেবে রয়েছেন ঊমা ছেত্রী, হরলিন দেওল ও আমনজ্যোৎ কৌর। তবে অভিজ্ঞতার বিচারে ২৯টি এক দিনের ম্যাচ ও ৯০টি টি-টোয়েন্টি খেলা শেফালিই এগিয়ে। হয়তো ভাগ্য দরজা খুলে দিয়েছে, কিন্তু এবার ব্যাটই বলে দেবে—‘ব্রাত্য’ ট্যাগ ঘোচাতে পারলেন কি না।







