সুশান্ত ঘোষের আতঙ্কে বাড়ি আসতে পারছেন না গুলশান কলোনির জমি কারবারি মহম্মদ জুলকারনাইন আলী। আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁর পরিবার পরিজনরাও।
গত শুক্রবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর গুলি চালানোর ঘটনার পর জমি বিবাদের প্রসঙ্গ উঠে আসে। জমি বিবাদের জেরেই নাকি খুনের চেষ্টা। সেই আক্রান্ত কাউন্সিলরের বিরুদ্ধেই মুখ খুললেন জুলকারনাইন। তিনি বলেন, “এলাকায় একের পর এক জলাশয় ভরাট করা হয়েছে। সুশান্ত ঘোষের অনুগামী হায়দার আলি ভরাট করেছে সব।” তিনি এও জানিয়েছেন, “দলকে জানাতে পারছি না আতঙ্কে। ঘর ছাড়া হওয়ার ভয়ে।”
তিনি জানান অভিযুক্ত গুলজার কে তিনি চেনে তবে এই ঘটনায় তিনি জড়িত নন। তাকে ফাঁসাতে চাইছে সুশান্ত ঘোষ।
জুলকারনাইন এর দাবি , কসবাকাণ্ডে গুলজারই দায়ী। যদিও, সুশান্ত ঘোষ দাবি করেছেন, “খুনের চেষ্টা ঘটনাকে জমি বিবাদের ঘটনা দেখিয়ে গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আমার দলের ভেতরে কেউ আছে কি না সেটা আমি বলতে পারব না। তবে কোনও কিছুকেই অস্বীকার করতে পারবো না। জলা ভরাট নিয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমি এই ওয়ার্ডে কাউন্সিলর হয়ে এসেছি মাত্র আড়াই বছর।” আরও বলেন, “যদি গুলশান কলনিতে কোন জলাশয় ভরাট হয়ে থাকে, আর তাতে যদি হায়দারের সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলে, তাহলে তার দায় হায়দারের। আমার নয়।”







