ক্রিকেটের পথচলা থামালেন সিদ্ধার্থ কৌল। ২৮ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় পেসার। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের মুহূর্ত থেকে আইপিএলের মঞ্চ—সিদ্ধার্থের ক্যারিয়ার স্মরণীয় নানা অধ্যায়ে সমৃদ্ধ। তবে জাতীয় দলে নিজের জায়গা স্থায়ী করতে না পারার হতাশা সঙ্গী হয়েছে তাঁর পুরো ক্যারিয়ার জুড়ে।
ভারতীয় দলের হয়ে ২০১৮ সালে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে ডেবিউ করেছিলেন সিদ্ধার্থ। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে মাত্র ৬টি ম্যাচ খেলেই থেমে যায় তাঁর সফর। ওয়ানডেতে কোনো উইকেট না পেলেও টি-২০ ক্রিকেটে তাঁর ঝুলিতে এসেছে ৪ উইকেট।
আইপিএলে অবশ্য সিদ্ধার্থের উপস্থিতি বেশ প্রভাবশালী ছিল। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। আইপিএলে ৫৫ ম্যাচ খেলে ২৯.৯৮ গড়ে সংগ্রহ করেছেন ৫৮ উইকেট। ২৮ রানে ৪ উইকেট শিকার তাঁর সেরা পারফরম্যান্স। ২০২২ সালে আরসিবির হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন তিনি।
ক্রিকেট দুনিয়ায় তাঁর এভাবেই হারিয়ে যাওয়া প্রমাণ করে, প্রতিভার পাশাপাশি ধারাবাহিকতা ও সুযোগের সমীকরণও কেরিয়ার গঠনে কতটা গুরুত্বপূর্ণ।







