শুভেন্দুর পর এবার শঙ্কর ঘোষ ! বিধানসভায় সাসপেন্ড মুখ্য সচেতক। যা নিয়ে চরম শোরগোল পড়ে যায় বিধানসভা কক্ষের অন্দরে । বিধানসভার অন্দরেই শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপির তরফে চলে স্লোগান । উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অন্দরের পরিস্থিতি । শঙ্কর ঘোষকে বিধানসভা থেকে টেনে বার করার চেষ্টাও করা হয়। তা আটকানোর চেষ্টাও করেন বিধায়করা । কিন্তু শঙ্কর ঘোষ নিজের আসনেই অনড় থাকেন । চলে প্রচণ্ড পরিমাণে ধস্তাধস্তি । উল্লেখ্য , মার্শালের নেতৃত্বে , নিরাপত্তারক্ষীরা শঙ্কর ঘোষকে বিধানসভা থেকে বের করার চেষ্টা করেন , তখনও , নিজেদের আসনে বসেই সবটা দেখতে থাকেন ঘাসফুল শিবিরের বিধায়করা । যখন দ্বিতীয়ার্ধে মুখ্যমন্ত্রী বলতে ওঠেন , তখনও চলে অশান্তি । এদিন প্রথমে শঙ্কর ঘোষ ও পরে অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করা হয় । সাসপেন্ডেড হন মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষও । রীতিমতো চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করা হয় মিহির গোস্বামীকে ।
প্রসঙ্গত , বৃহস্পতিবার বিধানসভায় ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদে বক্তব্য রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর আগেই নাম ছিল অগ্নিমিত্রা পালের । কিন্তু যখন তার নাম ডাকা হয় , বিজেপি নেত্রী তখন বিধানসভা কক্ষে ছিলেন না । তাই স্পিকারের তরফে , মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে বলা হয় । কিন্তু তার মধ্যেই বিজেপি নেত্রী কক্ষে চলে আসলে অগ্নিমিত্রাকে যাতে বলতে দেওয়া হয় , তার জন্য চিৎকার করতে থাকেন বিজেপি বিধায়করা ।
উল্লেখ্য , মুখ্যমন্ত্রীও স্পিকারকে অনুরোধ করেন অগ্নিমিত্রা পালকে বলতে দেওয়ার জন্য । স্পিকার সেই অনুমতিতে সায় দিলেও , সময় কমিয়ে দেন অগ্নিমিত্রার। সময় অতিক্রম হয়ে যাওয়ার পর , মাইক বন্ধ করে দেওয়া হয় বিজেপি নেত্রীর । তারপরে মুখ্যমন্ত্রী বলতে উঠে সবে যখন বলা শুরু করেন , তখনই শঙ্কর ঘোষের নেতৃত্বে স্লোগান শুরু করে বিজেপি । তারা প্রশ্ন করেন কেন সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে । স্পিকার তাকে বারংবার সতর্ক করলেও শোনেন না বিজেপি বিধায়ক । শেষমেষ থামতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন । কিন্তু নিজের আসনেই বসে থাকেন শঙ্কর ঘোষ। বিজেপি বিধায়করাও তাকে ঘিরে রাখেন । তারপর নিরাপত্তারক্ষীরা টেনে শঙ্কর ঘোষকে বের করে আনতে চাইলে , উত্তাল হয়ে ওঠে বিধানসভা কক্ষ । মুখ্যমন্ত্রী যখন দ্বিতীয়ার্ধে বক্তৃতা রাখতে ওঠেন , তখনও চলে চরম অশান্তি । এদিন মাত্র ২ ঘণ্টায় ৫ জন বিধায়ককে সাসপেন্ড করা হয় । উল্লেখ্য ,এই গোটা ঘটনার বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে , তিনি হুশিয়ারী দেন , নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তিনি ।







