বলিউডের চকচকে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অস্বস্তিকর বাস্তবতা নিয়ে অবশেষে মুখ খুললেন ‘আনোয়ার’ খ্যাত অভিনেত্রী নওহীদ সাইরুসি। দীর্ঘদিন পর্দার বাইরে থাকার কারণ নিয়ে ভক্তদের কৌতূহল এবার কাটল তাঁর সাম্প্রতিক এক ভিডিওর মাধ্যমে, যেখানে তিনি ইন্ডাস্ট্রির কিছু বিতর্কিত দিক সামনে এনেছেন।
৪ঠা মে প্রকাশিত ওই ভিডিওতে নওহীদ স্পষ্ট করে জানান, বর্তমান চলচ্চিত্র জগতে কাজের পরিবেশ অনেকটাই বদলে গেছে। বিশেষ করে চুক্তিপত্রে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, যা অনেক শিল্পীর জন্য অস্বস্তিকর। তাঁর দাবি, অনেক সময় গল্পের প্রয়োজন না থাকলেও জোর করে অন্তরঙ্গ বা চুম্বন দৃশ্য রাখা হয়। আর সেই ধরনের দৃশ্যে স্বাচ্ছন্দ্য না থাকায় একাধিক কাজ হাতছাড়া হয়েছে তাঁর। এতেই শেষ নয়, পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, শুটিং শেষ হওয়ার পরেও প্রযোজকরা অনেক সময় পুরো টাকা পরিশোধ করেন না এবং নানা অজুহাতে প্রায় ২৫ শতাংশ অর্থ আটকে রাখা হয়। এই অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে ক্লান্ত করেছে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
নওহীদের মতে, বলিউডের তথাকথিত ‘ইনার সার্কেল’-এর বাইরে থাকাও তাঁর কেরিয়ারে প্রভাব ফেলেছে। ফলে বড় বা গুরুত্বপূর্ণ চরিত্রের বদলে বারবার একই ধরনের ছোট চরিত্রের প্রস্তাব এসেছে, যা তিনি আর করতে চাননি। এই কারণেই ধীরে ধীরে নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেন তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেই নিজের নতুন পরিচয় গড়ে তুলেছেন নওহীদ। ইনস্টাগ্রামে একজন সফল ইনফ্লুয়েন্সার হিসেবে তিনি দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। তাঁর কথায়, পর্দার কৃত্রিম গ্ল্যামারের চেয়ে এই প্ল্যাটফর্ম অনেক বেশি বাস্তব ও স্বাধীন। এই খোলামেলা স্বীকারোক্তি ইতিমধ্যেই বিনোদন দুনিয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।







