প্রবল ঝড়ের মুখে পড়ে মাঝ আকাশে এক যাত্রীবাহী বিমান। গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই পাইলট বাধ্য হন বিমানটিকে জরুরিকালীন অবতরণ করতে। যার ফলে আহত হন বিমানের বহু যাত্রী। আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার সন্ধ্যায় নিউ জার্সির নিউইয়র্ক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
মাঝ আকাশে হঠাৎ করেই প্রবল ঝড়ের মুখে পড়ে উড়োজাহাজের গতি ব্যাহত হয়। দুর্ঘটনা এড়াতেই পাইলট সিদ্ধান্ত নেন বিমানটিকে কাছের কোনো বিমানবন্দরে আপৎকালীন অবতরণ করানোর। ইউনাইটেড এয়ারলাইন্সের উড়োজাহাজটিকে নিউইয়র্ক স্টেওয়ার্ট বিমানবন্দরে নামানো হয়। সেখানে আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিমানের যাত্রীরা জানিয়েছেন, মাঝ আকাশে আচমকাই বিমান দুলতে শুরু করে। বাইরে প্রবল হাওয়া ও ঝড়বৃষ্টির কবলে পড়ে, সকলে আতঙ্কিত হয়ে পড়েন। অপরদিকে বিমানকর্মীরা যাত্রীদের শান্ত করার চেষ্টা করছিলেন। তবে গোলমালের মধ্যে অনেকেই আঘাত পান। কেউ সিট থেকে পড়ে গিয়েছিলেন আবার কেউ জানালায় ধাক্কা খেয়েছিলেন। নিউইয়র্কের বিমানবন্দরে অন্তত ২০০ জন যাত্রীর প্রাথমিক চিকিত্সা করা হয়। তারপরেও অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বিমান সংস্থা জানিয়েছে, কারও আঘাত তেমন গুরুতর নয়। যাত্রীদের অসুবিধার জন্য তাঁরা দুঃখিত।







