দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য SA20 লিগে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করতে চলেছেন দীনেশ কার্তিক। ১৯ বছর আগে এই দেশেই তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জয়ের গল্প শুরু হয়েছিল। এবার সেই স্মৃতি সাথে নিয়ে কার্তিক মাঠে নামবেন পার্ল রয়্যালসের জার্সিতে।
পার্ল রয়্যালসের সঙ্গে যুক্ত হয়ে কার্তিক শুধু নিজের স্কিল প্রদর্শনের জন্য নন, বরং তরুণ প্রোটিয়া খেলোয়াড়দের গড়ে তোলার গুরুদায়িত্ব নিয়েছেন। তার মতে, “জ্ঞান অর্জন যেমন গুরুত্বপূর্ণ, তা ভাগ করে নেওয়া আরও বেশি অর্থবহ। আমি তরুণদের পাশে দাঁড়িয়ে তাদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করব।” বিশেষ করে ১৮ বছরের লুয়ান-ড্রে প্রিটোরিয়াস এবং কুইনা মাফাকার মতো প্রতিভাবান খেলোয়াড়দের জন্য তার পরামর্শ এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
মাফাকাকে ‘সাউথ আফ্রিকার রত্ন’ আখ্যা দিয়ে কার্তিক বলেন, “তার গতি এবং স্কিল দুর্দান্ত। তবে শরীরের যত্ন নেওয়া এবং মানসিকভাবে শক্ত থাকা তার জন্য অত্যন্ত জরুরি।” প্রিটোরিয়াসের সঙ্গে উইকেটকিপিং ভাগ করার প্রসঙ্গে কার্তিক জানান, “প্র্যাকটিস ম্যাচে আমরা ১০ ওভার করে কিপ করেছি। মাঠে কে কিপিং করবে, তা ম্যাচের পরিস্থিতি নির্ভর করবে।”
কার্তিকের মতে, SA20 লিগ আন্তর্জাতিক তারকা ও তরুণ প্রতিভার মেলবন্ধনে অন্য উচ্চতায় পৌঁছাবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও ভারতীয় ক্রিকেটার এই লিগে অংশ নেবেন।
আগামী শনিবার সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পার্ল রয়্যালসের অভিযান শুরু হবে। অভিজ্ঞ কার্তিক ও তরুণ প্রতিভার মিশ্রণে এই দলে নতুন চমক দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।







