জেলারাজনীতি

ঘাটাল মাস্টার প্ল্যান: এক দেড় দশকের প্রতিশ্রুতি, বাস্তবায়নের কতদূর? মুখ খুললেন দেব

বছরের পর বছর ঘাটালবাসী শুনে আসছেন ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর নাম। কিন্তু বাস্তবে সেই প্রকল্পের দেখা নেই বললেই চলে। বর্ষা এলেই ঘাটাল ডুবে যায়, কোথাও হাঁটু, কোথাও কোমর জল— সাধারণ মানুষের ভোগান্তির যেন কোনও শেষ নেই। ৩-৪ মাস ধরে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁদের। আর সেই কারণেই বারবার এই প্রকল্প ঘিরে বিতর্ক উঠে আসে রাজনীতির অঙ্গনেও।

সম্প্রতি এই ইস্যুতে তৃণমূল সাংসদ দেবকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, দেব বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে মানুষকে ‘ধোঁকা’ দিচ্ছেন। এমনকি দিলীপবাবুর দাবি, দেব রাজনীতি করছেন ব্ল্যাকমেলের চাপে, এবং তাঁর সিনেমা জগতের ভবিষ্যৎ নিয়েও নাকি চাপ সৃষ্টি করা হয়েছে।

এই পরিপ্রেক্ষিতেই প্রথম সারির এক নিউজ পোর্টালে মুখ খুলেছেন দেব। তাঁর স্পষ্ট কথা, “যতদিন না হচ্ছে, ততদিন গাল খেতে হবে।” তবে তিনি এই অভিযোগ মানতে নারাজ যে, এতদিনেও কোনও কাজ হয়নি। বরং স্মরণ করিয়ে দেন, গত ৩৫-৪০ বছরেও ঘাটাল নিয়ে কোনও পদক্ষেপ নেননি আগের সাংসদরা। তাঁর কথায়, “আমি একমাত্র এমপি ছিলাম না ঘাটালে। বড় বড় নেতারা ছিলেন, কিন্তু আমি-ই অনুমোদন করালাম।”

দেব আরও জানান, তিনি রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে আবার ফেরানো হয়েছিল শর্তসাপেক্ষে। তাঁর দাবি, “২০০০ কোটি টাকার প্রকল্পের মধ্যে ৭০০ কোটি টাকার অনুমোদন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কাজ শুরু হয়েছে, শেষ হতেও ৫ বছর লাগবে।”

ট্রোল নিয়ে বরাবরের মতো এবারও নিরুত্তাপ দেব, “এইসব গালিগালাজ শুনে অভ্যস্ত হয়ে গেছি। তবে কাজটা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে।”

তাঁর বিশ্বাস, প্রকল্প শেষ হলে ঘাটালের মানুষ উপকৃত হবেন। আর তিনি নিজেও বলতে পারবেন, “কিছু তো করে যেতে পারলাম।”

ঘাটালের ভবিষ্যৎ কি তবে এবার বদলাবে? উত্তর সময় দেবে। তবে রাজনৈতিক চাপ ও সমালোচনার মধ্যেও দেবের এই বক্তব্য নিঃসন্দেহে ঘাটালের জনতার প্রত্যাশায় নতুন আলো জাগাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.