৩৪ বছরের খড়া কাটিয়ে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মুলতানের দ্বিতীয় টেস্টে ১২০ রানের জয়ে সিরিজ ১-১ এ সমতা আনে ক্যারিবীয়রা। দলের জয়গাথায় সবচেয়ে বড় অবদান রাখেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। ম্যাচে ৯ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি।
শেষ দিন ৪ উইকেটে ৮৬ রান নিয়ে মাঠে নামে পাকিস্তান। তবে দিনের তৃতীয় বলেই কেভিন সিনক্লেয়ারের বলের গতি-ঘূর্ণিতে প্রথম স্লিপে ধরা পড়েন সাউদ শাকিল। পরের ওভারেই ওয়ারিক্যানের বল ফাঁকি দিয়ে বোল্ড হন নাইটওয়াচম্যান কাশিফ আলি।
মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, ওয়ারিক্যানের স্পিন ভেল্কিতে বেশি সময় টিকতে পারেননি। ১২ ওভার টিকিয়ে রাখার পর ওয়ারিক্যানের নিচু রাখা এক ডেলিভারিতে এলবিডব্লিউ হন আগা। কিছুক্ষণ পর রিজওয়ানও বোল্ড হয়ে বিদায় নেন।
পাকিস্তানের শেষ তিন ব্যাটারকে দ্রুত বিদায় করে ম্যাচ শেষ করেন ওয়ারিক্যান ও গুডাকেশ মোটি। পুরো ইনিংসে পাকিস্তানকে মাত্র ১৩৩ রানে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন তারা।
ওয়ারিক্যানের সিরিজে ১৯ উইকেট শিকার এবং ম্যাচ শেষে তার বিখ্যাত উরুতে হাত ঠোকানো উদযাপন ক্যারিবীয়দের জন্য আরও স্মরণীয় হয়ে রইলো। দীর্ঘ প্রতীক্ষার পর পাকিস্তানের বিপক্ষে এমন জয় ক্যারিবীয় ক্রিকেটের জন্য এক অনন্য মাইলফলক।







