জেলা

ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী

রেস্তোরাঁয় ঢুকে ভাঙচুর, লুঠপাটের পাশাপাশি ম্যানেজারকে মারধরের অভিযোগ। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এই ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। তোলাবাজির টাকা না পেয়ে ক্যাফেতে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি গত ৪ নভেম্বরের। দেগঙ্গার একটি ক্যাফে বা রেস্তোরাঁয় হামলার অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। ক্যাফের মালিকের অভিযোগ, তোলাবাজির টাকা না দেওয়ায় সেখানে ঢুকে ভাঙচুর চালানো হয়। মারধর করা হয় ক্যাফের ম্যানেজারকেও। এরপরই দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রেস্তোরাঁর মালিক।

এই ঘটনার পর বিজেপির তরফে পাল্টা দাবি করা হয়, ক্যাফে সংলগ্ন গেস্ট হাউসের ভিতরে অনৈতিক কাজকর্ম চলছিল। দশমীর দিন স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ অভিযোগ তুলেছিল, ‘ইকো ক্যাফে’-র উপরে থাকা ‘লেক প্যালেস’ গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে মধুচক্র চলছে। সেই অভিযোগকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত।

তবে ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। ফুটেজে ক্যাশ কাউন্টার থেকে টাকা বের করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গিয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ম্যানেজারকে মারধরের ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। আরেকটি ফুটেজে দেগঙ্গা তিন নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক বিকাশ দাসকে ড্রয়ার খুলে টাকা বের করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ।

এই ফুটেজ ও অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ। ঘটনার পর কয়েকদিন বন্ধ ছিল ক্যাফেটি। পরে ফের সেটি খোলা হয়।

উল্লেখ্য, সম্প্রতি ডেবরার বিজেপি বিধায়কও তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছিল। এবার দেগঙ্গায় বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। যদিও গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.