টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ বোলারের মুকুট আবারও আদিল রশিদের মাথায়। ভারতের বিপক্ষে চলমান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ডের এই লেগস্পিনার আইসিসি র্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থানে ফিরে এসেছেন। রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টিতে তার ১ উইকেটে ১৫ রানের কৃপণ বোলিংই ২৬ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে ১/১৪ ও ১/২৭ বোলিং ফিগার ছিল তার।
২০২৩ সালের শেষ দিকে প্রথমবার টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন রশিদ। তবে ২০২৪ সালের ডিসেম্বরে আকিল হোসেন তাকে সরিয়ে দেন। এবার ফের নিজের সেরা অবস্থানে ফিরলেন এই ইংলিশ স্পিনার।
ভারতের ভরসা হয়ে উঠেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। রাজকোটে পাঁচ উইকেট নেওয়ার পর তিনি ২৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচ নম্বরে। জোফ্রা আর্চারও ১৩ ধাপ এগিয়ে ছয় নম্বরে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, রবি বিষ্ণোই পাঁচ ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছেন, তবে অক্ষর প্যাটেল পাঁচ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিলক ভার্মা আরও একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। সিরিজে তার ১৮, অপরাজিত ৭২ ও অপরাজিত ১৯ রানের ইনিংস তাকে ট্রাভিস হেডের কাছাকাছি নিয়ে এসেছে। যদি বাকি দুই ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারেন, তবে তিনিই হবেন টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে কমবয়সী শীর্ষস্থানীয় ব্যাটার।







