বিধানসভার অধিবেশনে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী । তাঁর কথায় , বিরোধীরা নাকি অভিযোগ তুলছেন যে , কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগ রয়েছে । এবারে , তিনি প্রধানমন্ত্রী চিঠি লিখবেন বলেও দাবি করেন । পাশাপাশি , এও বলেন যে , মুখ্যমন্ত্রীকে জঙ্গি প্রমাণ করতে পারলে , তিনি নাকি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাবেন ।
বিধানসভার অধিবেশনে , এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন , “আমাকে বলেছে, আমি নাকি হিন্দুধর্মকে তাচ্ছিল্য করি। আর আমি মুসলিম লিগ করি। এত সংগ্রাম করার পর আমাকে এই জীবনে এসেও শুনতে হবে যে জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। আর বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। বাংলার মানুষকে বলব, যদি প্রমাণ করতে পারেন, একদিনের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব।”
পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , “আপনি মুখের ভাষায়, বিরোধী দলনেতা হিসেবে যে অভিযোগ করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাব। একথা আপনি বলতে পারেন কি না। আর যদি আমি জঙ্গি হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন।”
পাশাপাশি গেরুয়া শিবিরের উদ্দেশ্য তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন , “এখনও আমরা আছি বলে, বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরও বাংলা কিন্তু শান্ত আছে। এটা সর্বধর্মের মানুষের দান। আপনারা সীমান্তে গিয়ে উস্কেছিলেন। কিন্তু, ভুলে যাবেন না, বাংলা দেশের মধ্যে।”







