ওয়ানডে ক্রিকেটে স্পিনারদের আধিপত্যের আরেকটি নজির গড়ল আমেরিকা যুক্তরাষ্ট্র(USA)। ওমানের বিপক্ষে মাত্র ১২২ রানের পুঁজি নিয়েও ৫৭ রানে জয় তুলে নিয়ে তারা ভেঙে দিল ভারতের ১৯৮৫ সালের রেকর্ড, যা এতদিন ছিল ওয়ানডের সবচেয়ে কম রান ডিফেন্ড করার নজির।
এ ম্যাচটি আরও একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী—ওয়ানডের ৪৬৭১টি পূর্ণাঙ্গ ম্যাচের ইতিহাসে এই প্রথম কোনো পেসার একটিও বল করেননি! পুরোপুরি স্পিন নির্ভর এই ম্যাচে দুই দলের মিলিত ১৯ উইকেটই স্পিনারদের দখলে গেছে, যা ২০১১ সালে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচের রেকর্ড স্পর্শ করল।
যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক নোস্তুশ কেঞ্জিগে, যিনি ৭.৩ ওভারে মাত্র ১১ রানে ৫ উইকেট তুলে নিয়ে ওমানকে ২৫.৩ ওভারে ৬৫ রানে অলআউট করে দেন। দুই দলের সম্মিলিত রান দাঁড়ায় মাত্র ১৮৭, যা ওয়ানডেতে উভয় দল অলআউট হওয়া ম্যাচগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।
আল আমরাতের এই পিচ সাম্প্রতিক সময়ে কম রানের ম্যাচ দেখা গেছে। ওমানের অংশগ্রহণে হওয়া আটটি ম্যাচে প্রথম ইনিংসে ১৭০ রানও পেরোতে পারেনি কোনো দল। এমনকি এর আগের ম্যাচেও ওমান ৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেট হারিয়েছিল।
এই ম্যাচ নিশ্চিত করে দিল, আল আমরাতের উইকেটে স্পিনারদের জন্য স্বপ্নের পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে পেসারদের ভূমিকা কার্যত শূন্যের কোঠায়।







