গতকাল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ২০০ টি ম্যাচ খেলতে নামলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এটি এক বিশেষ মহেন্দ্রক্ষন। কিন্তু এত আনন্দের মাঝেও শেষ হাসি হাসলেন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। গতকালের ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ২১ রান প্রয়োজন ছিল। কিন্তু অবশেষে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩ রানে হারল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
এদিন ব্যাট করতে নেমে চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় মাত্র ৮ রান করে আউট হয়ে যান। ১০ রানের মাথায় চেন্নাই প্রথম উইকেট হারায়। গত ম্যাচের মতো এই ম্যাচেও চেন্নাইকে ভরসা দেন অজিঙ্ক রাহানে। তিনি ১৯ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
তাঁর সাথে ডেভন কনওয়ে করেন ৩৮ বলে ৫০। তাঁরা ৬৮ রানের ইনিংস গড়েন। এর পরেই হঠাৎ ভেঙে পড়তে শুরু করে চেন্নাইয়ের ব্যাটিং। একের পর এক ব্যাটার এলেন এবং ফিরে গেলেন। একসময়ে চেন্নাই ১১৩ রানে ৬ উইকেট হারায়।
জয়ের জন্য যখন ৬৩ রান প্রয়োজন, সেখান থেকে ধোনি এবং জাডেজা চেন্নাইয়ের ভরসা হয়ে ওঠেন। ম্যাচের আগে জাডেজা বলেছিলেন, “ধোনি এক জন কিংবদন্তি। শুধু চেন্নাই সুপার কিংস নয়, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিও। ধোনিকে শুভেচ্ছা জানাই। আশা করি আমরা রাজস্থানের বিরুদ্ধে জিতব। অধিনায়ক হিসাবে ২০০তম ম্যাচ খেলবে ধোনি, জয়টাই সব থেকে বড় উপহার হতে পারে ওর জন্য। আশা করব ধারাবাহিক ভাবে জিততে পারব আমরা”।
চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে ধোনীর ২০০তম ম্যাচে জাদেজারা এই উপহারটাই দিতে পারলেন না। ব্যাট হাতে জাদেজা ১৫ বলে ২৫ করে অপরাজিত থেকেও চেন্নাইকে জয় এনে দিতে পারলেন না। ধোনি নিজে ১৭ বলে ৩২ রান করে অপরাজিত রইলেন। কিন্তু শেষ বলে ৫ রান করতে পারলেন না। আর তার ফলে চেন্নাইয়ের ম্যাচও জেতা হল না।
এদিন টস জিতে চেন্নাই অধিনায়ক রাজস্থানকে ব্যাট করতে পাঠান। দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সওয়াল আউট হয়ে যান। বাটলার এবং দেবদত্ত পাড়িক্কল মিলে ৭৭ রানের জুটি গড়েন। সেই সময় মনে করা হয়েছিল রাজস্থান বড় রান তুলবে। কিন্তু একই ওভার পাড়িক্কল এবং সঞ্জু স্যামসনকে ফিরিয়ে দিয়ে রবীন্দ্র জাডেজা কিছুটা ধাক্কা দেন। রানের গতি কিছুটা কমে যায় এর পর। রবিচন্দ্রন অশ্বিন প্রথম দিকে রান না পেলেও পরের দিকে রান করেন। তিনি ২২ বলে ৩০ রান করেন। তারপর হেটমেয়ার ১৮ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
কালকের ম্যাচে চেন্নাইয়ের হয়ে দু’টি করে উইকেট নেন আকাশ সিংহ, তুষার দেশপাণ্ডে এবং জাডেজা। একটি উইকেট নেন মইন আলি। তিনি প্রথম ওভারে ১৮ রান দিয়েছিলেন। এর পরেও তাঁকে বল করতে আনেন ধোনি। অধিনায়ককে হতাশ করেননি ইংরেজ স্পিনার। মইনের বলেই জস বাটলার বোল্ড হয়ে যান।
উল্লেখ্য, চেন্নাইয়ের পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে ১৭ই এপ্রিল। বেঙ্গালুরুতে বিরাট কোহলি এবং ধোনির দল মুখোমুখি হবে। তার পর ২৩শে এপ্রিল কলকাতার বিরুদ্ধে খেলতে চেন্নাই ইডেনে আসবে। এদিকে রাজস্থানের পরের ম্যাচ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ১৬ই এপ্রিল তারা আমদাবাদে মুখোমুখি হবে।







