ট্যাংরার পর এবার কসবা উদ্ধার একই পরিবারের তিনজনের শব দেহ। হালতুতে বাড়ির থেকে উদ্ধার তাঁদের ঝুলন্ত দেহ। মৃতদের নাম সোমনাথ রায়(৪০), তাঁর স্ত্রী সুমিত্রা রায়(৩৫) এবং তাঁদের বছর আড়াইয়ের সন্তান রুদ্রনীল রায়। মঙ্গলবার পুলিশ বাড়ির দরজা ভেঙে তিনজনের দেহ উদ্ধার করে।
কিছুদিন আগের ট্যাংরার দে পরিবারের মত দেনায় এই কসবার পরিবারও দেনায় ডুবে গিয়েছিল বলে জানা গিয়েছে। কসবয় যে পরিবারের তিনজনের দেহ উদ্ধার হয়, সেই পরিবারের কর্তা সোমনাথ রায় পেশায় ছিলেন অটোচালক। জানা যায়, তিনি অনেক ধারদেনায় ডুবে গেছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি পাওনাদার বাড়িতে এসে টাকা চাওয়ার পাশাপাশি হুমকিও দিয়েছিল বলে অভিযোগ।
এইদিন সকালে প্রতিবেশীরা ওই পরিবারের কোনও সাড়াশব্দ না পাওয়ায় পুলিশে খবর জানায়। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে তিনজনের দেহ। শিশুটিকে মেরে দম্পতি আত্মহত্যা করেছে কি না, সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “সোমনাথের নিজের অটো ছিল। ছেলেটি অসুস্থ ছিল। অস্ত্রোপচারও হয়েছিল। তার জন্য কিছু ধারদেনা হয়েছিল। হয়তো কিছুটা মানসিক চাপে ছিল। কিন্তু, কাউকে কিছু বলত না।”
মৃতা সুমিত্রার বাবার দাবি, “আমার মেয়ে-জামাই খুব ভাল ছিল। জামাই অটো চালাতেন। জায়গা নিয়ে পরিবারের অন্যদের সঙ্গে সমস্যা ছিল। গন্ডগোলও হত।”







