২২ বছর ধরে চালাছিলেন চেম্বার। এলাকার একটি ওষুধের দোকানে চেম্বারে বহু বছর ধরে রোগী দেখতেন নিতাই সেনাপতি। তিনি এমডি পরিচয়ে অ্যালোপ্যাথি ওষুধও লিখতেন। পাশাপাশি তিনি ৪০০ টাকা ভিজিট নিতেন। তবে সন্দেহ ছিলই প্রেসক্রিপশন নিয়েই। অবশেষে সামনে এল সত্যিটা।
হুগলির পাণ্ডুয়ায় কালনা মোড় অঞ্চলেই ছিল নিতাই সেনাপতির চেম্বার। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মঞ্জুর আলমের কাছে কয়েকটি অভিযোগ জমা পড়ে। অভিযোগ, তিনি প্রেসক্রিপশনে যে যে ওষুধ লিখে দিতেন, সেই ওষুধের অনেক গুলির রেজিষ্ট্রেশন নম্বর ছিলনা। পাশাপাশি তার ‘এমডি’ হওয়ার কোনো প্রমান ছিল না।
সোমবার পাণ্ডুয়ার বিএমওএইচ পাণ্ডুয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে নিয়ে তার চেম্বারে পৌছয়। তিনি চিকিৎসককে সব কাগজ নিয়ে পাণ্ডুয়া ব্লক অফিসে দেখা করার কথা বলে। সোমবার রাতে ওই চিকিৎসক ব্লক অফিসে গিয়ে দেখা করে।
তাঁর কাগজপত্র দেখে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর জানা যায় ওই ব্যক্তি একজন আয়ুর্বেদ চিকিৎসক। তা সত্ত্বেও এমডি লিখে দিনের পর দিন অ্যালোপ্যাথি ওষুধ দিতেন। এই সবের পর ওই চিকিৎসককে মুচলেকা দেবার পাশাপাশি অ্যালোপ্যাথি চিকিৎসা করতে বারণ করা হয়।
পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিশাপতি রক্ষিত জানান, “আসলে উনি আয়ুর্বেদিক চিকিৎসক। ৪০০ টাকা করে ভিজিট নিতেন। দেড়’শ টাকার ওষুধ দিতেন। উনি বেআইনিভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা করছিলেন। পরে ওঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা ভাবছি। প্রয়োজনে থানায় অভিযোগও করা হতে পারে। কারণ বহু মানুষকে ঠকিয়েছেন উনি।”







