চেন্নাই সুপার কিংস মানেই নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা আর সঠিক পরিকল্পনা। পাঁচবারের চ্যাম্পিয়নরা আবারও স্পিন-নির্ভর দল গড়ে আইপিএল ২০২৫-এ নতুন ছন্দে ফিরতে চাইছে। গতবার নেট রানরেটে প্লে-অফে জায়গা না পাওয়ার পর, এবার তারা আবার নিজেদের সেরা অস্ত্র স্পিনের দিকেই মনোযোগ দিয়েছে। আর সেই পরিকল্পনায় এসেছে পুরনো কিছু নাম, সঙ্গে নতুন চমকও।
রবিচন্দ্রন অশ্বিন, বিজয় শঙ্কর ও স্যাম কারানকে ফিরিয়ে এনে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল ঘটিয়েছে সিএসকে। চোটের কারণে গতবার না খেলা ডেভন কনওয়ে ফিরেছেন আবারও। তবে সবচেয়ে বড় চমক আফগানিস্তানের তরুণ বাঁহাতি রিস্টস্পিনার নূর আহমেদ, যিনি ১০ কোটি টাকায় সিএসকের শিবিরে এসেছেন। তাঁর সঙ্গে অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটি চেন্নাইয়ের স্পিন-নির্ভর কৌশলকে আরও শক্তিশালী করবে।
মাঝের সারিতে নতুন ভরসা হতে চলেছেন রাহুল ত্রিপাঠি, যিনি তিন নম্বরে আজিঙ্কা রাহানে ও রবিন উথাপ্পার জায়গা নেবেন। পাশাপাশি দীপক হুডা ও বিজয় শঙ্কর থাকবেন মিডল অর্ডার সামলানোর দায়িত্বে। শক্তিশালী অলরাউন্ডারদের উপস্থিতি দলকে ব্যাটিং ও বোলিংয়ে গভীরতা দেবে।
সাম্প্রতিক বছরগুলোতে সিএসকে ‘ফর্মহীন তারকাদের পুনর্জীবনের ঠিকানা’ হয়ে উঠেছে। রাহানে, উথাপ্পা ও শিবম দুবের মতো খেলোয়াড়রা এখানে নতুন করে নিজেদের প্রমাণ করেছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে পারেন ত্রিপাঠি, শঙ্কর, শ্রেয়স গোপাল, কমলেশ নাগারকোটি ও দীপক হুডা।
সিএসকের সম্ভাব্য একাদশ:
ডেভন কনওয়ে/রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, দীপক হুডা/বিজয় শঙ্কর, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ/নাথান এলিস, মাথিশা পাথিরানা, খলিল আহমেদ।







