বর্তমান ফ্যাশন ট্রেন্ডে জেল নেইল ম্যানিকিউর যেন এক নতুন উন্মাদনা। চকচকে, দীর্ঘস্থায়ী ও নিখুঁত ফিনিশের জন্য অনেকেই ঝুঁকছেন এই পদ্ধতির দিকে। কিন্তু সৌন্দর্যের এই ট্রেন্ডের আড়ালেই লুকিয়ে থাকতে পারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি—এমনই সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, জেল নেইল পলিশে ব্যবহৃত কিছু রাসায়নিক, বিশেষ করে ‘টিপিও’, শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এই উপাদানটি ইতিমধ্যেই বহু দেশে নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, জেল পলিশ শুকানোর জন্য ব্যবহৃত ইউভি বা এলইডি ল্যাম্প থেকেও নির্গত হয় ক্ষতিকর রশ্মি, যা ত্বকের গভীরে প্রবেশ করে দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।
জেল নেইল করার প্রক্রিয়াটিও কম ঝুঁকিপূর্ণ নয়। প্রথমে নখের উপরের স্তর বাফিং ও ফাইলিংয়ের মাধ্যমে তুলে ফেলা হয়, যাতে পলিশ ভালোভাবে বসে। এতে নখ হয়ে পড়ে পাতলা ও ভঙ্গুর। এরপর ইউভি ল্যাম্পের নিচে শুকানোর সময় ত্বক সরাসরি বিকিরণের সংস্পর্শে আসে। বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়া বারবার করলে ত্বকে বলিরেখা, দাগ এমনকি ত্বকের ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে।
জেল নখ তোলার পদ্ধতিও সমান ক্ষতিকর। অ্যাসিটোনে দীর্ঘক্ষণ ভিজিয়ে রেখে জোর করে তুলে ফেলতে হয়, যা নখকে শুষ্ক ও দুর্বল করে দেয়। অনেক ক্ষেত্রেই নখ ভেঙে যাওয়া বা সংক্রমণের সমস্যাও দেখা দেয়।
আরও উদ্বেগজনক বিষয় হল, সস্তা ডিআইওয়াই জেল নেইল কিটের বাড়বাড়ন্ত। বিশেষজ্ঞদের মতে, সঠিক প্রশিক্ষণ ছাড়া এই ধরনের কিট ব্যবহার করলে ত্বকে অ্যালার্জি, ফোসকা, এমনকি ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
কিছু লক্ষণ একেবারেই অবহেলা করা উচিত নয়—যেমন নখ অতিরিক্ত পাতলা হয়ে যাওয়া, বারবার ভেঙে যাওয়া, রঙ পরিবর্তন, চুলকানি বা ফোলাভাব। এসব দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তবে পুরোপুরি ভয় পাওয়ারও কারণ নেই। বিশেষজ্ঞদের মতে, মাঝে মধ্যে জেল নেইল করালে বড় ক্ষতি হয় না, যদি সঠিক সুরক্ষা মেনে চলা যায়। যেমন—ম্যানিকিউরের আগে সানস্ক্রিন ব্যবহার, নির্দিষ্ট সময়ের ব্যবধান রাখা এবং পেশাদার সেলুন বেছে নেওয়া।
বিকল্প হিসেবেও রয়েছে নিরাপদ উপায়—সাধারণ নেইল পলিশ, প্রেস-অন নখ বা ডিপ পাউডার ম্যানিকিউর, যেগুলিতে ইউভি রশ্মির ব্যবহার নেই।
সৌন্দর্য বাড়ানোর তাগিদে স্বাস্থ্যের সঙ্গে আপস না করাই বুদ্ধিমানের কাজ—এই বার্তাই দিচ্ছেন বিশেষজ্ঞরা।







