ভয়াবহ পথদুর্ঘটনায় নিহত দুই যুবকের। দুই বন্ধু মিলে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল। কিন্তু রাত দশটা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁদের খোঁজ করতে শুরু করে। তারপরই বুধবার ৯ এপ্রিল সকালে পুলিশ দুই বন্ধুর মৃত্যু সংবাদ জানায়।
রাতেই ফিরে আসার কথা ছিল তাঁদের। তবে রাতেও বাড়ি ফেরেনি না দেখে পুলিশে খবর দেয় পরিবার। এদিন সকালে ডুয়ার্সের চামুর্চি আউটপোস্ট সংলগ্ন চুনাভার্টি কার্লভার্ট অঞ্চলে দুই বন্ধুর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নিহত দুইজন।
তবে পুলিশের সেই যুক্তি মানতে নারাজ নিহত দুই যুবকের পরিবারের সদস্যরা। তাদের দাবি, এটি স্বাভাবিক দুর্ঘটনা নয়। তাঁরা মনে করছেন, ফেরার সময় চুনাভাটি কালভার্টের কাছে পিছন দিক থেকে কোনও গাড়ি এসে ধাক্কা মারার কারণে এমন ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যাওয়া বাইকটি উদ্ধার করে পুলিশ।
মৃত সঞ্জীব মাহাতো লুকসানের একটি গ্রিল দোকানে কাজ করত এবং শিব সাহা বানারহাটে নিজের দোকান চালাত। সঞ্জীবের ভাই রঞ্জিত মাহাত জানান, “কাল সকালে কাজে বেরিয়েছিল। বিকেলে কাজ থেকে ফিরে এল। তারপর খাওয়া-দাওয়া করে বন্ধুর দিদার বাড়ি যাচ্ছি বলে বেরিয়ে গেল। তারপর থেকে রাত হয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি। রাত ন’টা নাগাদ ওকে ফোন করলাম। বলল, বেরিয়ে পড়ছি। তারপর ২-৩ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও ও ঘরে ফেরেনি। আমরা আবার ফোন করলাম। দেখলাম ওর মোবাইল সুইচড অফ দেখাচ্ছে। থানা, হাসপাতালে খোঁজ নিলাম। কোনও পাত্তা পাইনি ভাইয়ের। সকালে খবর পেলাম কোনও গাড়ি ওকে ধাক্কা মেরে চলে গিয়েছে।”







