বলিউডে শোকের ছায়া যেন কাটতেই চাইছেনা। গত সপ্তাহেই প্রাণ হারিয়েছেন বলিউডের অন্যতম অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। মঙ্গলবার বলিউডের আরও একটি প্রদীপ নিভে গেল। বলিউডের প্রখ্যাত প্রযোজক সেলিম আখতার মঙ্গলবার অর্থাৎ ৮ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন।
সেলিম আখতার ছিলেন বলিউডের একজন জনপ্রিয় ও সফল প্রযোজক। ১৯৮০ ও ৯০-এর দশক থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত একাধিক হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠান এএ স্কোপ প্রোডাকশনস থেকে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— কেয়ামত (১৯৮৩), দুধ কা কর্জ (১৯৯০), ফুল অর আংগারে (১৯৯৩), বাদল (২০০০), রাজা কি আয়েগি বারাত (১৯৯৬), এবং চাঁদ সা রোশন চেহরা (২০০৫)।
রানি মুখার্জি ও তামান্না ভাটিয়ার মতো জনপ্রিয় অভিনেত্রীরা বলিউডে অভিষেক ঘটান সেলিম আখতারের প্রযোজিত চলচ্চিত্রের মাধ্যমেই।
সেলিম আখতারের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। প্রবীণ অভিনেতা রেজা মুরাদ, রাজ বব্বর, ফিরোজ খান ও শাহবাজ খান সহ অনেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, “তিনি ছিলেন চলচ্চিত্রের এক নিবেদিত প্রাণ। নবাগতদের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগামী।”
তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী শামা আখতার ও পুত্র সামাদ আখতার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার অর্থাৎ ৯ এপ্রিল তাঁর দাফনক্রিয়া সম্পন্ন হয়েছে মুম্বাইয়ের একটি কবরস্থানে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে। সেলিম আখতারের অবদান বলিউড ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।







