রঞ্জি ট্রফিতে বাংলা যেন অপ্রতিরোধ্য! মহম্মদ শামি এবং সুরজ সিন্ধু জয়সওয়ালের দাপুটে বোলিংয়ের পর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও শাহবাজ আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে অসমের বিরুদ্ধে বড় লিডের পথে রয়েছে বাংলা। কল্যাণীতে অসমের প্রথম ইনিংস মাত্র ২০০ রানে গুটিয়ে যাওয়ার পর, দ্বিতীয় দিনের শেষে বাংলার সংগ্রহ ৪ উইকেটে ২৬৭ রান। অর্থাৎ, ইতিমধ্যেই ৬৭ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়ে নিয়েছে বাংলা।
প্রথম দিনের শেষে অসমের স্কোর ছিল ৮ উইকেটে ১৯৪। দ্বিতীয় দিন সকালে শামি এবং সুরজ সিন্ধু জয়সওয়ালের সামনে অসমের লেজ বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র ২০০ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। বাংলার এই দুই বোলারই ৩টি করে উইকেট নিয়ে অসমের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। অসমের ভরসাযোগ্য ব্যাটসম্যান রিয়ান পরাগ ভারত ‘এ’ দলের সঙ্গে থাকায়, সেই অভাব স্পষ্ট দেখা গেছে। অসমের হয়ে স্বরূপম পুরকায়স্থ (৬৮) এবং প্রদ্যুৎ সাইকিয়া (৩৮) কিছুটা লড়াই করেছিলেন।
যদিও বাংলার ইনিংসের শুরুটা ভালো ছিল না, মাত্র ২ রানের মাথায় আউট হন সুদীপ কুমার ঘরামি। তবে এরপরেই ম্যাচের রাশ ধরেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৬৬) এবং শাকির গান্ধী (৫৮)। তাঁদের লম্বা জুটি বাংলাকে সমস্যা থেকে বের করে আনে। শাকির দেড়শো পেরোনোর পর আউট হলেও, অভিমন্যু দ্রুত ফিরে যান। তবে দিনটা শেষ করেছেন শাহবাজ আহমেদ এবং সুমন্ত গুপ্ত। শাহবাজ এদিন ওয়ানডে মেজাজে ব্যাট করে ৬৭ বলে ৬১ রান করে অপরাজিত আছেন। তাঁর ব্যাটে এসেছে ৬টি চার ও ২টি ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন সুমন্ত গুপ্ত (২৫ অপরাজিত)।বাংলা এখন ৬৭ রানে এগিয়ে। হাতে এখনো পুরো দু’দিন সময় আছে। এখন বাংলার লক্ষ্য থাকবে দ্রুত গতিতে বড় লিড তুলে নিয়ে অসমকে ইনিংসে বা দশ উইকেটে হারানোর সুযোগ তৈরি করা। তাহলেই আগের ম্যাচের মতো এবারও বোনাস পয়েন্ট-সহ পুরো ৭ পয়েন্ট পাওয়া যাবে, যা বাংলাকে লিগ টেবিলে আরও মজবুত করবে।







