শুক্রবার ঘরের মাঠে এমন লজ্জাজনক হার চেন্নাই সুপার কিংসের ইতিহাসে বিরল। দুরন্ত পরিকল্পনায় ভর করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে কার্যত গুঁড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। স্পিন সহায়ক চিপকের উইকেটে তিন স্পিনারকে কাজে লাগিয়ে ধস নামালেন রাহানেরা। ধোনির দল অলআউট হল মাত্র ১০৩ রানে, তাও আবার ২০ ওভার ব্যাট করেও। আর সেই লক্ষ্য তাড়া করতে কলকাতার লাগল মাত্র দশ ওভার এক বল।
চেন্নাইয়ের এমন ভরাডুবির পেছনে মূল কারণ পরিকল্পনার ঘাটতি। টস হেরে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারালেও অভিজ্ঞ ধোনি নিজে নয়, নামালেন ইমপ্যাক্ট প্লেয়ার দীপক হুডাকে। ধোনির নামা হল নবম নম্বরে। যেখানে দল বেহাল, সেখানে আগেভাগে নেমে দায়িত্ব নেওয়ার বদলে ধোনির এমন সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছেই। মাত্র চার বল খেলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন নারাইনের বলে। এমন ব্যাটিং অর্ডারে বিভ্রান্তি বড় দলের পক্ষে অমার্জনীয়।
শুধু ব্যাটিং নয়, চেন্নাইয়ের বোলিং আক্রমণেও কোনও তেজ ছিল না। কেকেআরের দুই ওপেনার নারাইন ও ডি কক শুরুতেই ঝড় তুলে দিলেন। নারাইন মারলেন ৪৪ রান মাত্র ১৮ বলে। চেন্নাইয়ের স্পিন আক্রমণ ছিল কার্যত নিস্তেজ। কোনো বোলারই বিপক্ষ ব্যাটারদের চাপে রাখতে পারেননি। এমনকি বোলিংয়ের মাঝপথেই দলের আত্মবিশ্বাস হারিয়ে যায়।
সব মিলিয়ে ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের ভবিষ্যৎ নিয়ে উঠছে জোর প্রশ্ন। বারবার সুযোগ পেয়েও পরিকল্পনাহীন ক্রিকেট খেলছে তারা। দলের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে, কেবল নামের ভারে আর টিকে থাকা যাবে না। সময় এসেছে বড় সিদ্ধান্তের।







