আজ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ধানকল মোড়ে। এই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল ধর্মতলাগামী একটি বাস। রায়চক থেকে ধর্মতলা যাচ্ছিল বাসটি। হঠাৎই উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির । এই সংঘর্ষের ফলে সঙ্গে সঙ্গেই প্রাণ হারান ট্রাক চালক। গুরুতরভাবে জখম হন বাসে থাকা যাত্রীদের মধ্যে ১০ জন বাস যাত্রী।
আপাতত প্রত্যেককেই আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা চলছে। ঘটনার পর উদ্বেগের ছাপ স্থানীয়দের মধ্যে। আতঙ্কিত বাকি বাসযাত্রীরাও।
এছাড়াও পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক। পরে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে রাস্তা থেকে সরানো হয়। বেলা সাড়ে সাতটা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায়। ট্রাকের মধ্যেই মৃত্যু হয় চালকের। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ।এই ট্রাক চালকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
কিন্তু কেন ঘটল এই সংঘর্ষের ঘটনা , ট্রাফিক নিয়ম কি কেউ অমান্য করেছে কিনা এছাড়াও গাড়ির গতিবেগ সঠিক ছিল কিনা এই সব বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।







