খেলাধুলা

দাবার বোর্ডে হারল অহংকার! ভারতীয় গ্র্যান্ডমাস্টারের ঠান্ডা মাথার চালে কুপোকাত বিশ্বের এক নম্বর

দোহায় আয়োজিত ওয়ার্ল্ড ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেল। দাবার বিশ্বমঞ্চে রাজত্ব করা ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে তাক লাগিয়ে দিলেন ভারতের এক নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন ইরিগাইসি। কিন্তু খেলার ফলাফলের চেয়েও বেশি চর্চা হচ্ছে কার্লসেনের মেজাজ হারানো নিয়ে। অর্জুনের কাছে হার স্বীকার করতে না পেরে রাগে টেবিলে সজোরে কিল মারেন এই পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।

ম্যাচটি ছিল শুরু থেকেই টানটান উত্তেজনার। সাদা ঘুঁটি নিয়ে কার্লসেন তাঁর চিরচেনা আক্রমণাত্মক মেজাজেই খেলা শুরু করেছিলেন। কিন্তু কালো ঘুঁটি নিয়ে অর্জুন ছিলেন একদম শান্ত। কার্লসেনের প্রতিটি চালের মোক্ষম জবাব দিচ্ছিলেন তিনি। এক সময় কার্লসেন বুঝতে পারেন পরিস্থিতি তাঁর হাতের বাইরে চলে যাচ্ছে, তখন তিনি জেতার জেদ ছেড়ে রক্ষণাত্মক হয়ে পড়েন। কিন্তু শেষরক্ষা হয়নি। চাল দেওয়ার আগেই ঘড়ির সময় ফুরিয়ে যাওয়ায় হার মানতে হয় তাঁকে। আর হার নিশ্চিত হতেই নিজেকে সামলাতে না পেরে টেবিলের ওপর নিজের রাগ উগরে দেন কার্লসেন। আসলে মেজাজ হারানো কার্লসেনের কাছে নতুন কিছু নয়। হারের ধাক্কা সামলাতে না পেরে আগেও তিনি বহুবার বিতর্কে জড়িয়েছেন। কিছুদিন আগেই ভারতের ডি গুকেশের কাছে হেরে আস্ত একটা টেবিল ভেঙে ফেলেছিলেন তিনি। আবার রাশিয়ার আর্তেমিয়েভের কাছে হারার পর নিজের ব্লেজার টেনে ধরা বা আলোকচিত্রীকে ধাক্কা দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছেন এই দাবার জাদুকর।
এই জয়ের ফলে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলেও বড়সড় পরিবর্তন এসেছে। এই রাউন্ডের আগে কার্লসেন ও অর্জুন দুজনেই সম পয়েন্টে ছিলেন। তবে জয়ের পর ৭.৫ পয়েন্ট নিয়ে উজবেকিস্তানের আবদুসাত্তোরভের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে উঠে এলেন ইরিগাইসি। ভারতের এই তরুণ তুর্কির কাছে কার্লসেনের হার নিঃসন্দেহে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.