এক সময় শিল্পের আলোয় ঝলমল দমদম, আজ কংক্রিটের জঙ্গলে মুখ লুকিয়েছে তার গৌরবগাথা। শতাব্দী প্রাচীন জেসপ কোম্পানি, যার দমদম শাখায় এক সময় ১৪ হাজার শ্রমিকের ঘাম মিশে ছিল দেশের উন্নয়নে, আজ দীর্ঘ ১১ বছর ধরে তালাবন্দি। হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, ফারাক্কা ব্রিজ কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ালের তিন টনের ‘পরী’—এসবই একদিন গড়ে উঠেছিল এই কারখানার কারিগরি দক্ষতায়।
জেসপের সঙ্গে গড়ে উঠেছিল আরও অন্তত দশটি ছোট কারখানা, সবই আজ অতীত। মুখ্যমন্ত্রীর দেওয়া ১০,০০০ টাকার অনুদানে কোনওক্রমে চলছে শ্রমিকদের জীবন, কিন্তু চক্ষু লাল করছে প্রোমোটার চক্র। জেসপের বিস্তীর্ণ জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ফের গর্জে উঠেছে শ্রমিক সমাজ।
আজ দুপুরে দমদম এয়ারপোর্ট গেট নম্বর ১-এর সামনে শ্রমিকরা রাস্তায় বসে পড়েন, প্রায় ২০ মিনিট অবরোধ চলে। জনজীবন বিপর্যস্ত হলেও, মানুষের দুর্ভোগ ভেবে শ্রমিকরা তুলে নেন অবরোধ।
তাদের একটাই দাবি—জেসপকে ফিরিয়ে আনা হোক রাজ্যের হাতে। রাষ্ট্রপতির একটি সইই হতে পারে সেই চাবিকাঠি। শ্রমিক নেতার ভাষায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিলে জেসপ আবার প্রাণ পাবে, আমরা কাজ ফিরে পাবো, দমদম ফিরে পাবে তার হারানো শিল্পগৌরব।”
দাবি এখন একটা স্বপ্ন নয়, লড়াইয়ের নাম। দমদম আজ অপেক্ষা করছে—কবে আবার গর্জে উঠবে জেসপের যন্ত্রপাতি, আর ফিরবে হাজারো শ্রমিকের জীবনে আলো।







