মালদার মানিকচকে পারিবারিক বিবাদের জেরে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পিসার ছুরির আঘাতে মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সি শেখ রবিউলের। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকচকের নাজিরপুর পশ্চিমপাড়ায় একটি পারিবারিক বিষয় নিয়ে সোমবার রাতে বচসা বাধে আলতাফ মোমিনের মেয়ের সঙ্গে রবিউলের বৌদি সালমার। অভিযোগ, সেই সময় সালমা এবং তাঁর মা আকলিমাকে মারধর করা হয়।
পরিবারের সদস্যদের উপর হামলার খবর পেয়ে বিষয়টি নিয়ে কথা বলতে অভিযুক্ত আলতাফ মোমিনের বাড়িতে যান শেখ রবিউল। অভিযোগ, কথাকাটাকাটির এক পর্যায়ে আলতাফ ঘর থেকে একটি ধারালো ছুরি এনে রবিউলের উপর হামলা চালান। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আলতাফ মোমিন এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
এই ঘটনায় মৃত যুবকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক বিবাদ কীভাবে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনল, তা খতিয়ে দেখছে পুলিশ।







