২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রথম থ্রিলার ছবি ‘রক্তবীজ’ দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। ছবির শেষে সিক্যুয়েলের ইঙ্গিত মিলেছিল, আর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে,আসছে ‘রক্তবীজ ২’।ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। কলাকুশলীরা শেষ দিনের শ্যুটিংয়ের কিছু ঝলক শেয়ার করে অনুরাগীদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিয়েছেন। জানা গিয়েছে, আগের বারের মতো এবারও থাকছেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। পাশাপাশি, খলনায়কের চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে।
এই তালিকায় এবার চমক হিসেবে যুক্ত হল কৌশানি মুখোপাধ্যায়ের নাম। অভিনেত্রী নিজেই বুধবার সেট থেকে ক্ল্যাপ হাতে কিছু ছবি পোস্ট করে নিশ্চিত করলেন তাঁর উপস্থিতি। ক্যাপশনে তিনি লেখেন, “এবং এখানেই শ্যুটিং শেষ!!! এই পুজোয় আয়েশার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হন।”এই ছবিতে কৌশানি মুখোপাধ্যায় অভিনয় করছেন ‘আয়েশা’ চরিত্রে। ‘রক্তবীজ ২’-এর মাধ্যমে তিনি দ্বিতীয়বারের জন্য উইন্ডোজ প্রোডাকশন হাউজ ও পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সঙ্গে কাজ করতে চলেছেন। এর আগে ‘বহুরূপী’ ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।







