ফুটবলের নাটকীয়তা যেন আরেকবার প্রমাণ দিল সুপার কাপে। শেষ মুহূর্তের এক অসাধারণ গোলেই ইতিহাস গড়ল জামশেদপুর এফসি। প্রথমবারের মতো সুপার কাপের ফাইনালে পা রাখল তারা, যেখানে অপেক্ষা করছে এফসি গোয়া। কালিঙ্গা স্টেডিয়ামে বুধবার রাতে ম্যাচটা যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখন জাপানি মিডফিল্ডার রেই তাচিকাওয়া ছকভাঙা এক শটেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন।
ম্যাচের শুরুটা ছিল দারুণ সতর্ক। দুই দলই বুঝে-শুনে খেলছিল। মুম্বই সিটি এফসি বল দখলে প্রাধান্য বজায় রাখলেও, গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। জামশেদপুর বরং প্রতি-আক্রমণে উঠে এসে সুযোগ তৈরি করে। ৩১ মিনিটে মারে হেড করে গোলের খুব কাছাকাছি পৌঁছান, কিন্তু রেহনেশ ভালো সেভ করেন।
দ্বিতীয়ার্ধে খেলার গতি বদলায়। দুই কোচই আক্রমণাত্মক পরিবর্তন আনেন। জামশেদপুরের সানান নামার পর থেকেই খেলার রং পাল্টায়। ৬০ মিনিটে তার পাসে ইজের শট পোস্টে লাগে। পরক্ষণেই প্রণয় হালদারের দুর্দান্ত শট ক্রসবারে লেগে ফিরে আসে। ভাগ্য তখনও সঙ্গ দেয়নি জামশেদপুরকে।
তবে ৮৭ মিনিটে সেই ভাগ্যকে নিজের করে নেন তাচিকাওয়া। সানানের বাঁ দিক থেকে ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল চলে আসে তাচিকাওয়ার পায়ে। তিনি এক পা দিয়ে বল সেট করে বাম পায়ের শটে বল জড়িয়ে দেন জালে। রেহনেশ ঝাঁপালেও কিছু করার ছিল না। শেষ তিন মিনিটে গোল আগলে রেখে ইতিহাস গড়ল ‘রেড মাইনার্স’রা।
এবার সামনে গোয়ার চ্যালেঞ্জ। কোচ মানোলো মার্কেজের বিদায়ী ম্যাচে, তাদের শিরোপা স্বপ্ন ভেঙে দিতে প্রস্তুত জামশেদপুর এফসি।







