২০০২ সালের ভয়াবহ সাবরমতী এক্সপ্রেস অগ্নিকাণ্ড। সেই ঘটনায় কর্তব্যে গাফিলতির দায়ে বরখাস্ত হওয়া রেল পুলিশের ন’জন কনস্টেবলের বরখাস্তের নির্দেশ বহাল রাখল গুজরাত হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি নানাবতীর নেতৃত্বাধীন কমিশনের পর্যবেক্ষণকে মান্যতা দিয়ে এই নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনার দিন ওই ন’জন পুলিশকর্মীর ডিউটি ছিল সাবরমতী এক্সপ্রেসে। কিন্তু ট্রেনটি দীর্ঘ ছয় ঘণ্টা দেরিতে চলায় তাঁরা অন্য ট্রেনে আহমেদাবাদ ফিরে যান। নানাবতী কমিশন তাঁদের এই আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করে। কমিশন স্পষ্ট জানিয়েছিল, সেদিন ওই পুলিশকর্মীরা যদি তাঁদের দায়িত্ব পালন করতেন, তাহলে হয়তো এত বড় ঘটনা এড়ানো যেত।
কমিশনের এই রিপোর্টের ভিত্তিতেই অভিযুক্ত ন’জনকে বরখাস্ত করা হয়। সেই বরখাস্তের নির্দেশই এবার বহাল রাখল হাইকোর্ট। উল্লেখ্য, ২০০২ সালের ২৭শে ফেব্রুয়ারি গোধরায় সবরমতী এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগিয়ে ৫৯ জন করসেবককে পুড়িয়ে মারা হয়। এই ঘটনার পরেই গুজরাত জুড়ে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়েছিল।







