চাকরির ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরার সময় রহস্যমৃত্যু খড়দহের স্কুল শিক্ষকের। তিন দিন নিখোঁজ হওয়া শিক্ষকের দেহ মিলল শুক্রবার দুপুরে ফরাক্কা ব্যারেজ থেকে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানয় পুলিশ। এই দুঃসংবাদ পরিবারকে জানাতেই সদস্যরা অভিযোগ জানায়, ছেলেকে খুন করা হয়।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম শানু মণ্ডল(২৫)। মালদহের কালিয়াচক অঞ্চলের বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলে শিক্ষকতা করতেন তিনি। সেখান থেকে গত রবিবার বোলপুরের এক স্কুলে ইন্টারভিউ দিতে যান তিনি। সেখান থেকে বেরিয়েও বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন শানু। কিন্তু তারপর থেকেই নিখোঁজ। চিন্তিত হয়ে পরিবারের লোকজন মালদহের কালিয়াচকে যান। কিন্তু সেখানেও শানু ছিল না। এরপর তারা কালিয়াচক থানায় মিসিং ডায়েরি করতে যান পরিবারের সদস্যরা। অভিযোগ, তা গ্রহণ করেনি থানা।
এরপর শুক্রবার দুপুরে ফরাক্কা ব্যারেজের অদূরে জলে পড়ে থাকা অবস্থায় মিলল শানুর মৃতদেহ। পুলিশ জানিয়েছেন, তাঁর গলায় আঘাতের চিহ্ন আছে। এই খবর বাড়িতে পৌঁছতেই নামে শোকের ছায়া। ছবি হাতে নিয়ে শানুর মা, কাকিমা বারবার বলছেন, ছেলেটা যে নেই, তা বিশ্বাসই হচ্ছে না। তাঁদের সকলের একটাই অভিযোগ, ছেলেকে খুন করা হয়। শানুর কাকা জানায়, ”ও ওখানে (মালদহ) একাই থাকত। সঙ্গে কেউ ছিল না। তাই একটু ছটফট করত। কিন্তু কোনও সমস্যা হচ্ছে বা কোনও শত্রু হয়েছে, এমনটা তো শুনিনি কখনও। বরং রবিবার বোলপুরের একটা স্কুলে ইন্টারভিউ দিতে যাবে বলে তৈরি হয়েছিল। কিন্তু হঠাৎ কী যে হয়ে গেল… আমরা জানি, ও আত্মহত্যা করার মতো ছেলে নয়। ওকে কেউ খুনই করেছে। কারা করেছে, জানি না।”







